সু.খবর ডেস্ক
কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন (ইসি) আজ সোমবার সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপ-নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবেন। একই দিনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও সিদ্ধান্তে পৌঁছবে কমিশন। রবিবার বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেন, সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এটিই হবে তাদের প্রথম কমিশন বৈঠক। এতে ওই দুই নির্বাচন ছাড়াও বেশকিছু ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন নিয়েও আলোচনা হবে।
সামনে এইচএসসি পরীক্ষা ও রমজান রয়েছে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারেন কমিশন। এক্ষেত্রে অবশ্যই পরীক্ষার ভেতরেই নির্বাচনের জন্য কোনো ফাঁক খুঁজে বের করা হবে।
ইসি সচিব বলেন, হয়তো চলতি মাসের শেষে ও অথবা আগামী মাসের শুরুতে কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তবে সেটা একান্তই কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে সোমবার সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের তফসিল হতে পারে।
গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় সুনামগঞ্জ-২ আসনটি শূণ্য ঘোষণা করে সংসদ
সচিবালয়। আর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। তবে আইনি জটিলতা থাকায় সে নির্বাচন করতে পারেনি রকিব কমিশন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন নির্বাচনটি সম্পন্ন করার কথা ভাবছে। তবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ওই সিটিতে সরকার সম্প্রতি প্রশাসক নিয়োগ করেছে। তাই নির্বাচনটি সম্পন্ন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে।
ইসি সচিব আরো বলেন, নুরুল হুদা কমিশনের অধীনে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল প্রথম নির্বাচন। রাঙ্গামাটির বাঘাইছড়ির ওই নির্বাচনে কমিশন ব্যাপক গুরুত্ব দিয়েছিলো। একজন নির্বাচন কমিশনারকেও নির্বাচনী এলাকার পর্যবেক্ষণে পাঠানো হয়েছিলো। নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ভোট পড়েছে ৭৮ শতাংশ।
আইন-শৃঙ্খলা বৈঠক
এদিকে ১৮টি উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচন রয়েছে আগামী ৬ মার্চ। এই নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। এই কমিশনের অধীনে এটাই হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম বৈঠক।
এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আগামী ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ যাবে নুরুল হুদা কমিশন।
আর এমপি লিটনের শূন্য আসনের উপ-নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে সিইসি নুরুল হুদা ও নির্বাচন কমিশনার কবিতা খানম গাইবান্ধার সুন্দরগঞ্জে যাবেন ১৪ মার্চ। এসময় তারা গাইবান্ধায় রাত্রি যাপনের কথাও রয়েছে। আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
- সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির প্রার্থীতার দাবি জোরালো হচ্ছে
- সওজের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নতুন জেলা কমিটি- অমিয় সভাপতি ইকবাল সম্পাদক


