সুনামগঞ্জ-২ উপনির্বাচনে আ.লীগ মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহের আহ্বান

সু.খবর ডেস্ক
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র, শনি ও রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পঁচিশ হাজার টাকা জমা দিয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং একই সাথে আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টা মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার অনূরোধ জানানো হয়েছে।
অন্যদিকে পৃথক বিজ্ঞপ্তিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের আগামী ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র, শনি ও রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আবেদপত্র সংগ্রহ ও জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।