সুনামগঞ্জ-৪ আসন-বিএনপির মনোনয়নে নির্বাচন করার ঘোষণা জয়নুল জাকেরীনের

স্টাফ রিপোর্টার
হাসন রাজার প্রপৌত্র সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়ায় হাসনরাজার বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন,‘আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে এবং দল থেকে মনোনয়ন দেয়া হয় তাহলেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে বা দল মনোনয়ন না দিলে তিনি দলের বিরুদ্ধে যাবেন না।’
মতবিনিময়কালে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘আমি সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলাম। চার বার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বাবা মরহুম দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী ১৯৭০ সালের নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টির কুড়েঘর প্রতীকে নির্বাচন করেছেন। ১৯৮৯ সালের জাতীয় নির্বাচনে আমার বড় ভাই দেওয়ান সামছুল আবেদীন বিএনপির প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯৯৬ সালের নির্বাচনে আমি সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির    
 প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার ছোট ভাই মমিনুল মউজদীন টানা তিন বারের পৌরসভার চেয়ারম্যান ছিলেন।’
তিনি জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলফাত উদ্দিন, সাবেক মন্ত্রী মেজর ইকবাল হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেক’এর সঙ্গে নির্বাচন করেও তিনি বিজয়ী হয়েছেন।
তিনি বললেন,‘মানুষের আস্থা ও ভালবাসায় আমি স্থানীয় সরকারের ৫ টি নির্বাচনে বিজয়ী হয়েছি। মানুষের ভালবাসা ও আস্থা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। আমি শত প্রতিকূলতাকে উপেক্ষা করে বিএনপির রাজনীতি করছি এবং বিএনপির সাথেই আছি।’
তিনি বলেন,‘বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে আমি সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর সংসদীয় এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি আশাবাদী বিএনপির মনোনয়ন আমি পাব। তবে মনোনয়ন না পেলে আমি দল বা প্রার্থীর বিরোধীতা করব না।’
সুনামগঞ্জের সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন,‘সুনামগঞ্জের সাংবাদিকরা হাওরের সকল দুর্যোগ দেশবাসীর সামনে তুলে ধরেছেন। সময়মত ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়নি। বাঁধ নির্মাণে ব্যাপক কারচুপি হয়েছে। যার কারণে হাওরের আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। অনিয়ম-দুর্নীতির বিষয়টি সরকারও অবগত হয়েছে। বোরো ফসলহানির পর সুনামগঞ্জের হাওরে দুর্যোগ চলছে। ’
তিনি আরো বলেন,‘জীবনের অনেকগুলো বছর আমি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। জনগণের আস্থা ও ভালবাসায় সিক্ত হয়ে এই জনপদের মানুষের জন্য কাজ করার সৌভাগ্য অর্জন করেছি। আমার প্রতি এই আস্থা ও ভালবাসা প্রদর্শনের জন্য আমি সুনামগঞ্জের আপমর জনগণের প্রতি গভীর কৃতজ্ঞ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা সঞ্চয় করে এই এলাকার জনগণের জন্য জাতীয় পর্যায়ে কাজ করার বাসনা নিয়ে আমি আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহণের প্রত্যাশা করছি। বিএনপির একজন কর্মী হিসাবে আমি দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই  এবং দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন,‘দল এখনো পর্যন্ত কাউকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা দেয়নি। তবে কেন্দ্রীয় নেতারা আমাকে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে না জড়ানোর পরামর্শ দিয়েছেন।’
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে প্রবীণ সাংবাদিক দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জমান চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক মাহতাব উদ্দিন, দৈনিক আলোকিত সুনামগঞ্জ’র ভারপ্রাপ্ত সম্পাদক দেওয়ান নাহিদ হাসান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক’এর নির্বাহী সম্পাদক মানব তালুকদার, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক ও সাপ্তাহিক একতা’র জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এনাম আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সাপ্তাহিক সুনামগঞ্জের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক আলী সিদ্দিক, দৈনিক আলোকিত বাংলাদেশ’এর জেলা প্রতিনিধি আল হেলাল, দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক ইত্তেফাক ও বেসরকারি টেলিভিশন নিউজ ২৪’এর জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, এনটিভি’র জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪’এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, ডেইলী বাংলাদেশ টুডে’এর প্রতিনিধি স্বপন সরকার চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার রেজাউল করিম, দৈনিক নবরাজ’এর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক আমাদের অর্থনীতি’র জেলা প্রতিনিধি রাজু আহমদ রমজান, দৈনিক বিজয়কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুশ শহীদ, দৈনিক সুনামগঞ্জের ডাক’এর স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, চ্যানেল ২৪’এর ক্যামেরা পার্সন মেহেদী হাসান, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি জাকের আহমদ, ডিপি নিউজ ভিডি.কম’এর জেলা প্রতিনিধি জুবের আহমদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জ’এর স্টাফ রিপোর্টার আলআমিন, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার লিপসন আহমদ, এনটিভি’র ক্যামেরা পার্সন রায়হান তামিম, চ্যানেল আই’এর ক্যামেরা পার্সন তরিকুল ইসলাম, এটিএন বাংলার ক্যামেরা পার্সন কামরান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।