স্টাফ রিপোর্টার
রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে ‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাই না’ শ্লোগানকে সামনে রেখে শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,‘সুনামগঞ্জ থেকে সুন্দরবনের দূরত্ব অনেক হলেও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সাথে সুনামগঞ্জের স্বার্থ জড়িত রয়েছে। রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। সুন্দরবন ধ্বংস হলে এর প্রভাব হাওরের রাজধানী সুনামগঞ্জেও পড়বে। রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে আমাদের কি লাভ-ক্ষতি হবে তা বিশ্লেষণ করতে হবে। সরকারের একের পর এক দেশ ধ্বংসের চুক্তির ধারাবাহিকতা রামপাল বিদ্যুৎকেন্দ্র। রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে কৃষির উপর নির্ভরশীল সাত হাজার মানুষের জীবিকা বন্ধ হয়ে যাবে। বিনিময়ে চাকরির সুবিধাপাবে মাত্র ৬শ জন। বছরে ১২৮৫ টন ধান এবং ৫৬৯ মে.টন মাছের উৎপাদন বন্ধ হয়ে যাবে। বিনিময়ে ১হাজার ৩শ ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ১০-১৫ বছরের মধ্যে সুন্দরবনের বনাঞ্চল উজার হয়ে যাবে। ৫লক্ষ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকারকর্মী তুহীন আলম, সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. আব্দুল হালিম, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, সাংবাদিক একে কুদরত পাশা, উন্নয়নকর্মী মজনু মিয়া, শামীমা আক্তার, পূর্বানী তালুকদার, সুকুমার দাস, স্বপন দাস, জিলানী মিয়া, রিয়া চৌধুরী, শেলী রায়, ফারহানা, নূর বেগম, পরিমল দাস, মছন মিয়া প্রমুখ।


