স্টাফ রিপোর্টার
শাওফান নুর রাফসান সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। করোনাকালীন বন্ধের কারণে স্কুলে যাওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে সকল ক্লাস পরীক্ষা। প্রায় ১ বছর পর কোনো পরীক্ষায় অংশ নিচ্ছে সে। তাও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কাঠপেনসিল আর স্কেল দিয়ে ফুটিয়ে তুলছে শহীদ মিনার।
একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পর্ব তালুকদার। সে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেও শহীদ মিনার আঁকছে। তবে সে জল রং দিয়ে একটু ভিন্ন রকম করে ফুটিয়ে তুলছে স্মৃতির মিনার। কিছু ছাত্র যুবক ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করছে। তাদের ব্যানারে লিখা রাষ্ট্র ভাষা বাংলা চাই।
শনিবার বিকাল ৪টায় জেলা ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ এর আয়োজনে প্রতিযোগিতায় পৌর শহরের বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মণ এর তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী স্বপন চৌধুরী, রোনা লেইস, মঞ্জু তালুকদার ও জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ বলেন, মহান শহীদ দিবস উপলক্ষে আমরা স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এই প্রতিযোগিতার আয়োজন করেছি।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে।


