তাহিরপুরের দুই সহোদর আবু সুফিয়ান ও আবু তালহা নিখোঁজ হয়েছিলো গত ৩ জুন সোমবার। ওই দিন সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি বালিজুরি এলাহীবক্স উচ্চ বিদ্যালয়ের ষ্ষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র ওই দুই সহোদর। গত শুক্রবার রাতে সিলেট শহরের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে পুলিশ তাদের উদ্ধার করেছে। রেস্টুরেন্টের মালিক জানিয়েছেন, ভাটি অঞ্চলে বোরো ফসল হানির অভাবের কথা বলে ওই দুই ভাই রেস্টুরেন্টে কাজ নিয়েছিল। রেস্টুরেন্ট মালিকের ভাষ্য অনুসারে বিদ্যালয়ের লেখা-পড়ার চাপ সইতে না পেরে তারা পরিবার ছেড়ে পালিয়েছিল। রেস্টুরেন্ট মালিক সুফিয়ান ও তালহার নিখোঁজের জন্য দুইটি কারণের কথা জানিয়েছেন। এক ফসল তালিয়ে যাওয়ায় অভাবের তাড়না ও লেখাপড়ার চাপ। আমাদের কাছে দুইটি কারণই যথাযথ মনে হয়েছে। এই দুই কারণ একটি আরেকটির সাথে পরষ্পর সম্পর্কিত। এবারের শতভাগ বোরো ফসল হানির প্রেক্ষাপটে গ্রামীণ জীবনে যে কত ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই দুই ভাইয়ের পরিবার ছেড়ে পালিয়ে যাওয়ার কাহিনি তন্মধ্যে একটি। ওরা পালিয়ে গিয়েছিল বলে আলোচনার বিষয়বস্তু হয়েছে। আমাদের চারপাশ পর্যবেক্ষণ করলে এমন বহু পরিবার পাওয়া যাবে যে যারা অভাবের তাড়নায় এলাকা ছেড়েছেন। এলাকা ছেড়ে যাওয়া লোকজনকে নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একটি বেসরকারি তথ্য মতে এবার গ্রামীণ সমাজের ত্রিশভাগ মানুষ অভাবের তাড়নায় এলাকা ছেড়ে জীবিকার উপায় খোঁজার জন্য স্থানান্তরে গমন করেছেন। এদের বড় অংশই ছুটে গিয়েছেন ঢাকার গার্মেন্টস পল্লীতে। অনেকেই গেছেন সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি ও বালু আহরণ কেন্দ্রে। যারা এলাকা ছেড়ে যেতে পারেন নি তারা ত্রাণ সহায়তার উপর নির্ভর করে মানবেতরভাবে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুফিয়ান তালহারা অভাবগ্রস্ত পরিবারে হয়তো ন্যুনতম খাদ্যটুকুও পাচ্ছিল না। এরা ক্ষুধার তাড়নায় অস্থির হয়েই বাড়ি ছেড়েছে বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আর পেটে ক্ষুধা রেখে লেখা-পড়ায় মন দেয়া তো কোন অবস্থাতেই সম্ভব নয়। ক্ষুধার কাছে আর সবই তুচ্ছ। পড়াশোনা তো কোন ছাড়। সুফিয়ান-তালহা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের গ্রামীণ জনসমাজে তীব্র অভাববোধ এখন তাড়িয়ে চলছে সকলকে।
এই যে সুফিয়ান-তালহারা এলাকা ছাড়ছে, পালাচ্ছে তাতে আমাদের করণীয় কী? এই পালানোর মিছিল চলতে থাকলে আমাদের গ্রামীণ উৎপাদন কাঠামো ভেঙ্গে পড়বে। যারা পুরুষানুক্রমিকভাবে কৃষি পেশার উপর নির্ভরশীল তারা যদি পেশা পরিবর্তন করে ফেলেন তাহলে চাষবাস করবে কে? কৃষিজমিতে ধান চাষ ভিন্ন আমাদের দেশটির অর্থনীতির মেরুদ- টিকিয়ে রাখা সম্ভব কি? এর উত্তর একেবারেই সহজ। কখনও সম্ভব নয়। সুতরাং ধরে রাখতে হবে গ্রামের মানুষগুলোকে, কৃষকদেরকে, কৃষি জমির উপর নির্ভরশীলদের। আমাদের আবহমান কৃষি ব্যবস্থা টিকিয়ে রাখতেই এটি দরকার। সুতরাং সংকটের কথা স্বীকার করে গ্রামকে বাঁচাতে আসুন সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ি। আমরা শাসককূলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই একটি বছরের ফসলহানির তীব্র প্রতিক্রিয়া মোকাবিলা করতে হবে জাতীয় সক্ষমতা দিয়ে। এখন ওএমএস বন্ধ রয়েছে। ভিজিএফ পরিধি সীমিত। বিল-জলাশয়গুলো উন্মুক্ত করে দেয়া হয় নি। ঘোষিত হয় নি দুর্গত এলাকা। আসলে এর সবগুলো অনুসরণ করা দরকার সবধরনের উপায় ব্যবহার করে এবারের মহা সংকট মোকাবিলা করা। মোকাবিলা করার অর্থ হলো বাস্তুচ্যুত হওয়া রোধ করা। পালানোর মিছিল আটকানো। সুফিয়ান-তালহাদের ক্ষুধার জন্য স্কুল ও বাড়ি ছাড়া বন্ধ করা।

