স্টাফ রিপোর্টার
প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত’র দিরাই শহরের সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গৌছসহ সকল আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। বুধবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত অভিযোগ আমলে নিয়ে মামলা সিলেটের বিশেষ ট্রাইব্যুনালে প্রেরণের আদেশ দেন এবং আসামী আরিফুল হক ও জিকে গৌছ’র পক্ষে অভিযোগ আমলে না নেওয়ার আবেদন আদালত নামঞ্জুর করেন।
২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহিদ নামের এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হন। ঐ দিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএএস কিবরিয়া হত্যা মামলা এবং সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার আসামী হলেও উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১ টায় আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছ সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমানের আদালতে হাজির হয়ে নিযুক্ত আইনজীবীর মাধ্যমে গ্রেনেড হামলার অভিযোগ থেকে তাদের নাম বাদ দেওয়ার আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে অভিযোগ আমলে নিয়ে মামলা সিলেটের বিশেষ ট্রাইব্যুনালে প্রেরণের আদেশ দেন ।
আসামি পক্ষের শুনানিতে অংশ নেন মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, মল্লিক মইনউদ্দিন আহমেদ সুহেল, মাসুক আলম, শেরেনুর আলী, আব্দুল হক প্রমুখ।
রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি খায়রুল কবির রুমেন, এপিপি নজরুল ইসলাম ও জিয়াউল ইসলাম প্রমুখ।


