সুরঞ্জিত সেনের অসুস্থতা- ও অনুপস্থিতির জেরে দিরাই-শাল্লায় উত্তেজনা?

বিন্দু তালুকদার
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের গোড়ামারা সাতপাখিয়া প্রকাশিত জারলিয়া নদী’র জলমহাল দখল করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের বন্দুকযুদ্ধে ৩ জন খুন হয়েছে। এই ঘটনার পাঁচ দিনের মাথায় পার্শ্ববর্তী শাল্লা উপজেলা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার মধ্যবর্তী কালনী নদীর চন্ডিডহর জলমহাল দখল করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয়ায় শনিবার সকালে দুই থানার পুলিশ মোতায়েন করা হয়েছে ওই জলমহালে।
আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ দিরাই-শাল্লার স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত শারিরীকভাবে অসুস্থ থাকা ও এলাকায় নিয়মিত না আসায় আইনশৃংখলা পরিস্থিতি এমন অবনতি হচ্ছে বলে মন্তব্য করছেন দিরাই শাল্লার লোকজন।
দুই উপজেলার অনেকেরই ধারণা, সুরঞ্জিত সেন গুপ্তের অসুস্থতা ও অনুপস্থিতির সুযোগ নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের ইন্ধনে দিরাই-শাল্লায় বিশৃংখলা সৃষ্টি করে নানাভাবে ফায়দা লুটার চেষ্টা করছে একটি মহল। এমনকি এলাকায় আইনশৃখলা পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে তারা। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মতিউর রহমান।
জানা যায়, গত মঙ্গলবার সকালে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জারলিয়া নদী’র জলমহাল দখল করাকে কেন্দ্র করে জলমহালের ইজারাদার দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাসের পক্ষে আওয়ামী লীগ ও সাব ইজারাদার দাবিদার যুবলীগ নেতা একরার হোসেনের লোকজনের বন্দুকযুদ্ধে ৩ জন খুন হয়। এর আগেও এই জলমহাল দখল ও মাছ আরহণ করাকে কেন্দ্র করে     উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সে সময় এলাকার সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে দিয়েছিলেন। এই বিষয়টি নিজেও স্বীকার করেছেন, যুবলীগ নেতা একরার হোসেন।
জারলিয়া নদী’র জলমহালের সাব ইজারাদার দাবিদার যুবলীগ নেতা একরার হোসেন সম্প্রতি দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ আমি দক্ষিণ নাগেরগাঁও সমিতির সেক্রেটারী উমেশ দাসের কাছ থেকে ৬ বছরের জন্য নদীটি ইজারা নিয়েছিলাম। এক বছর পরই দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান পৌরসভার মেয়র মোশারফ মিয়া নদীর ভাগ চায়। পরে সেন বাবু বিষয়টি সমাধান করে দিয়েছিলেন। প্রদীপ-মোশারফকে আমি কিছু ভাগ দিয়েছিলাম।’
যদিও একরার হোসেনের এসব অভিযোগ ও বক্তব্য সত্য নয়, পুরোটাই মিথ্যা বলে দাবি করেছেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান পৌরসভার মেয়র মোশারফ মিয়া। তাদের বক্তব্য একরার হোসেন অবৈধভাবে ওই জলমহাল দখল করতে চায় এবং সমিতির লোকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
গত ২৬ ডিসেম্বর শাল্লার শেষ সীমানা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জের শেষ সীমানার জলমহাল চন্ডিডহরের দখল নিয়ে শাল্লার মির্জাকান্দা গ্রামের হাসিম মিয়া ও আজমিরিগঞ্জের পেটুয়াকান্দা গ্রামের হান্নান মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। গুরুতর আহত মির্জাকান্দার নওয়াব মিয়ার ছেলে সাইকুল ইসলামকে (৩০) প্রথমে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার রাত থেকে আবারো ওই জলমহালের মাছ ধরাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালনী নদীর পূর্ব তীর আজমিরিগঞ্জ উপজেলার অংশ ও পশ্চিম তীর শাল্লা উপজেলা অংশে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
এদিকে গত ২৯ ডিসেম্বর একই উপজেলার আটগাঁও ইউনিয়নের সোনাকানি গ্রামের একটি ছোট জলাশয় ও জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম নামের একজন নিহত হন। আহত হয়েছিলেন বেশ কয়েকজন।
জানা গেছে, শাল্লা উপজেলার আরেক জলমহাল ‘চাপ্তা বিল’ নিয়ে এলাকার দু’টির পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ধারনা সেখানেও যে কোন সময় দখল-বেদখল নিয়ে সংঘর্ষ হতে পারে।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা বলেন,‘ জলমহাল দখলসহ নানা বিষয়ে বিশৃংখলা সৃষ্টির পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে। না হলে কেন এসব ঘটনা ঘটবে? ’
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাহারা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়্যারম্যান নরেশ চন্দ্র চৌধুরী বলেন,‘ সেন বাবু (সুরঞ্জিত সেন গুপ্ত) অসুস্থ ও এলাকায় তাঁর নিয়মিত না থাকার সুযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস দিরাই-শাল্লায় গ্রুপিং সৃষ্টি করে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করছে। নানাভাবে এলাকায় বিশৃংখলা সৃষ্টি করছে তারা। সেন বাবু সুস্থ থাকলে এবং নিয়মিত এলাকায় আসা যাওয়া করলে এসব হত না। ’
শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. অবনী মোহন দাস বলেন,‘ এসব অভিযোগ অসত্য এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তদন্ত করলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘এসব অভিযোগ মিথ্যা। আমি এবিষয়ে কোন কিছুই জানি না। যারা এসব বক্তব্য দিয়েছে তারাই জানে কেন এসব কথা বলছে। নরেশ চৌধুরী কেন এসব কথা বলছেন তা জানি না। তিনি একেক সময় একেক কথা বলেন। সকালে একটা বলেন, বিকালে আরেকটা বলেন। তার কোন কথারই ঠিক-ঠিকানা নাই।’