সুরমা নদীতে চাঁদা আদায়ের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের দক্ষিণ কামলাবাজ থেকে মান্নানঘাট বাজার পর্যন্ত সুরমা নদীর দুই তীরে বালি-পাথর শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা লালপুর বাজার সংলগ্ন সড়কের দুই পাশে বালু পাথর শ্রমিক ও ব্যবসায়ীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জামালগঞ্জে সুরমার দুই তীরে দীর্ঘদিন ধরে বালু-পাথর সংগ্রহ করে ব্যবসা করে আসছেন। এলাকার হাজার খানেক শ্রমিকের কর্মসংস্থান ওখানে। কিন্তু স্থানীয় প্রভাবশালী কয়েকজন হঠাৎ করে বিআইডব্লিউটি
এর নামে কয়েকগুন বেশি টোল আদায় করছে।
নির্যাতনের মাত্রা দিনদিন বাড়ছে। শ্রমিকদের কাজ প্রায় বন্ধের পথে। নদী পথে চাঁদা আদায়ের কারণে কয়েক হাজার শ্রমিক পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। বক্তারা নদীতে চাঁদাবাজী বন্ধ করে শ্রমিকদের কাজের সুবিধা ও ব্যবসায়ীদের ব্যবসা করতে প্রশাসনের সহযোগিতা চান।
মানববন্ধন শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন।