আকরাম উদ্দিন
সদর উপজেলার সুরমা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা উঠে পড়ে লেগেছেন। প্রার্থীরা মনোনয়ন পেতে দলীয় কার্যালয় ও সিনিয়র নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। তাঁরা দলীয় মনোনয়ন অবশ্যই পাবেন এমন আশ্বাসের বাণী শুনিয়ে ভোটারদের মন কেড়ে নিতে চেষ্টা করছেন।
এদিকে, প্রার্থীদের প্রচারণার পাশাপাশি ভোটারদের মধ্যে শুরু হয়েছে এলাকায় উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন। তারা গত ৫ বছরে এলাকায় কেমন উন্নয়ন হয়েছে, কী অঙ্গিকার ছিল নির্বাচিত জনপ্রতিনিধির, এ নিয়ে তৃণমুল পর্যায়ে সরব হয়েছেন সচেতন ভোটাররা।
এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান মো. আবদুছ সাত্তার, আওয়ামী লীগের আমির হোসেন ও তাজুল ইসলামের নির্বাচনী প্রচার বেশি। আওয়ামী লীগের প্রার্থী আব্দুছ ছাত্তার ডিলার, নিজামুল হক, সেরুল মিয়া, বিএনপি’র আনোয়ার হোসেন ও মমিন মিয়ার প্রচারও আছে।
এলাকার ইব্রাহীমপুরের আনন্দ বাজার, হালুয়ারঘাট বাজার, বালাকান্দা বাজার, নলুয়া নতুন বাজার, কৃষ্ণনগর পয়েন্ট, বেরীগাঁও পয়েন্ট, ভৈষারপাড় পয়েন্ট ইত্যাদি এলাকা ও বিভিন্ন পয়েন্টের দোকান-পাটে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর পোস্টার, বিলবোর্ড, ক্যালেণ্ডার, ব্যানার সাঁটিয়ে দেয়া হয়েছে।
২৯টি গ্রাম নিয়ে গঠিত সুরমা ইউনিয়নে প্রায় ৩৫ হাজার জনগণের বসতি। এই ইউনিয়নে প্রায় ১৮ হাজার ভোটার রয়েছেন। এবার ভোটারগণ ভোট দেবেন বিগত সময়ের উন্নয়ন বিশেষণ করে। এবারের নির্বাচনে শুধু চেয়ারম্যান প্রার্থী নয় ইউপি সদস্য পদের প্রার্থীদের নির্বাচনের বিষয়টিও গুরুত্বের সাথে দেখবেন বলে জানান ভোটারগণ।
মইনপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, এলাকার গ্রামীণ অবকাঠামোর কোনো উন্নয়ন হচ্ছে না। বিশেষ করে ইব্রাহীমপুর-মইনপুর-হালুয়ারঘাট এলাকার ভাংগা রাস্তার উন্নয়ন নেই। এলাকায় নলকূপের সংকট আছে। সৈয়দপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের জানান, যে প্রার্থীই নির্বাচিত হন, পরে আর এলাকায় কাজ করেন না তাঁরা। এতে আমাদের এলাকা সবসময় অবহেলিত থাকে।
এলাকাবাসী জানান, জনপ্রতিনিধিরা বছরের পর বছর তৃণমূল পর্যায়ের নাগরিক সেবা থেকে এবং এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখে যাচ্ছেন। জনপ্রতিনিধিরা ইউনিয়ন পরিষদের বেশিরভাগ বরাদ্দ লুটেপুটে খেয়ে নিজে প্রতিষ্ঠিত হচ্ছেন। প্রতি বার নির্বাচিত করে তাদের জীবনমান উন্নয়নের সুযোগ করে দেই আমরা।
ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মনফর আলী বলেন, ‘আমাদের এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন হয় না। নলকূপ স্থাপন হয় না। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা শুধু টাকার বিনিময়ে দেয়া হয়েছে। টাকার বিনিময়ে যে কেউ পেয়ে যান ভাতার কার্ড। এমন প্রবণতা দীর্ঘ ১০ বছর ধরে চলে আসছে।’
নলুয়া নতুনবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ‘এলাকায় আগাম নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমাদের এলাকার রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত। এলাকার উন্নয়নের স্বার্থে প্রতিবার ভোট দেই। কিন্তু এলাকায় উন্নয়ন কাজ ভাল হয় না।’
পূর্বইব্রাহীমপুর গ্রামের মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিন বলেন, ‘আমার এলাকায় গত ৫ বছরে আবাসিক রাস্তার কোনো কাজ হয়নি। এলাকায় নলকূপ সংকট রয়েছে। আমি নির্বাচিত হলে পুরো ওয়ার্ড এলাকায় তৃণমুল পর্যায়ে উন্নয়নের ব্যবস্থা করবো।’
বর্তমান ইউপি সদস্য আবদুল আওয়াল বলেন, ‘আমার ইউপি সদস্যের ১৪ বছরের দায়িত্ব পালনকালে ৭০-৮০টি ভাতার কার্ড বণ্টন করেছি। কিন্তু কোনো দিন কারো কাছ থেকে আমি টাকা নেইনি। অন্য কেউ নিতে পারেন।’
বর্তমান চেয়ারম্যান আবদুছ সাত্তার বলেন, ‘আমি ইউনিয়নের অবহেলিত এলাকায় উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইউনিয়ন জুড়ে নানা সমস্যা বিরাজ করছে। তা সমাধানের চেষ্টা চালাচ্ছি। ইদানিং বেলাবর হাটী পাকা রাস্তা থেকে বাদারটেক পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। ইব্রাহীমপুর-ডলুরা রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তার নির্মাণ কাজ করা অতি জরুরি। আমার ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়নের ব্যাপারে একনিষ্টভাবে কাজ চালিয়ে যাচ্ছি।’
- ওয়েষ্টলন্ডন আ.লীগের আলোচনা সভায় বক্তারা বাঙালির আত্মত্যাগে মাতৃভাষা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত
- ৩ দফা দাবিতে ইউপি সচিবদের কর্মবিরতি


