সূচনায় শতভাগ পাশ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় প্রথমবারের মতো এবারের এইএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ ফলাফল করেছে জগন্নাথপুরের পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ। সূচনাতেই ভালো ফল করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী খুশি।
কলেজ সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ থেকে প্রথমবারের মতো এবছর এইচএসসির পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফল পযার্লোচনায় দেখা যায়, ৪২ জন শিক্ষার্থীদের মধ্যে এ পেয়েছে ৬ জন, এ— ১৭জন, বি ১৩ জন এবং সি পেয়েছে ৬ জন।
প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান জানান, এই প্রথম এইচএসসি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানটি অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। জিপিএ ৫ না পেলেও সার্বিক ফলাফলে আমরা সন্তুষ্ট।
শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ২০০১ সালে পাড়ারগাঁও হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। স্কুলটি কলেজের রূপান্তরিত হওয়ার পর ২০১৯—২০ শিক্ষাবর্ষে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সূচনাতেই ভালো ফল অর্জন করায় আমরা খুশি।