আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আমরা যে মেধাভিত্তিক সমাজের কথা বলি, ছাত্রছাত্রীদের মেধা বিকাশের মাধ্যমেই সে সমাজ গড়ে উঠবে। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছে সৃজনশীল প্রতিভার অধিকারী। তাদের শনাক্ত করা আমাদের জাতীয় দায়িত্ব। সরকার প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীল মেধা অন্বেষণের যে কার্যক্রম পরিচালনা করছে, সে উদ্যোগকে প্রশংসা করতেই হয়। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশ থেকে কয়েকজন সেরা মেধাবীকে শনাক্ত করার কাজটি শ্রমসাধ্য বটে। তারপরও এ কাজটি করার মধ্য দিয়ে জাতীয় দায়িত্বই পালন করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৬ এবং ২০১৫ সালের নির্বাচিত জাতীয় পর্যায়ে সেরা ২৪ জন মেধাবীকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সরকারের দেওয়া সুবিধা কাজে লাগিয়ে নিজেদের শিক্ষিত, যোগ্য ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। নিজেদের পায়ে দাঁড়াতে হবে, দেশকে ভালোভাবে গড়ে তুলতে হবে। শিক্ষা খাতে সরকারের অর্থ ব্যয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটাকে কখনও আমি খরচ মনে করি না। এটা হচ্ছে একটা বিনিয়োগ।
ষষ্ঠ থেকে অষ্টম, নবম-দশম এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তিন ভাগে ভাগ হয়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। ভাষা ও সাহিত্য, বিজ্ঞান-গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলতি বছর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এ প্রতিযোগিতা শুরু হয় উপজেলা পর্যায়ে। উপজেলার বিজয়ীরা অংশ নেয় জেলা পর্যায়ে। জেলা পর্যায় থেকে আসে বিভাগীয় পর্যায়ে। চূড়ান্ত প্রতিযোগিতা হয় জাতীয় পর্যায়ে।
২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার সঙ্কল্প ঘোষণা করেছে এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। জাতির এ দুটি স্বপ্ন পূরণ না হওয়ার কোনো কারণ নেই। তবে এর জন্য সঠিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন জরুরি। মধ্যম আয়ের এবং উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হলে আমাদের প্রতিটি নাগরিককেই এ লক্ষ্যে যোগ্য করে গড়ে তুলতে হবে। তবে এ কথা সত্য, এ অর্জন শিক্ষা ব্যতিরেকে সম্ভব নয়। আমরা লক্ষ করছি, বর্তমান সরকার শিক্ষা খাতকে অধিকতর গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু সারাদেশে অনেক সম্ভাবনাময় প্রতিভা রয়েছে। তাদের সঠিকভাবে শনাক্ত করতে হবে এবং গড়ে তুলতে হবে জ্ঞান ও মেধার যথাযথ পরিচর্চা এবং পরিচর্যার মাধ্যমে। আমরা মনে করি, সরকার সৃজনশীল মেধা অন্বেষণের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে এটি যাতে অন্তর্ভুক্তিমূলক হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। সৃজনশীল মেধার সমন্বয়ে গড়ে উঠুক দেশের ভবিষ্যত্, আমরা সেটাই প্রত্যাশা করি।

