সৃষ্টি বাঁচিয়ে রাখতে হবে সরকারকেই

বিশেষ প্রতিনিধি
বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন পর্ষদ’র জাতীয় কমিটির আহ্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কদ্দুছ বলেছেন,‘শাহ্ আব্দুল করিম’র মতো মানুষ শতাব্দীতে একজন জন্মায়। এক হাজার কোটি টাকা ব্যয় করলেও একজন শাহ্ আব্দুল করিম তৈরি করা যাবে না। সুতরাং শাহ্ আব্দুল করিমকে অবহেলার কোন সুযোগ নেই। তাঁর সৃষ্টি ও স্মৃতিকে বাঁচিয়ে রাখতে হবে রাষ্ট্রীয় উদ্যোগেই। শুক্রবার রাত সাড়ে ৯ টায় শাহ্ আব্দুল করিম জন্মবার্ষিকীর আলোচনা সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।
গোলাম কদ্দুছ বলেন,‘তিনি কেবল একজন সঙ্গীত শিল্পী বা গীতিকার ছিলেন না। তিনি একটি আদর্শ স্থাপনও করে গেছেন। সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল। সেই দায়বদ্ধতা মানুষের মুক্তি ও কল্যাণ কামনার। তিনি যেমন গরিব মেহনতি মানুষের  
অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন। চিন্তার জগতে আজকে যে সাম্প্রদায়িকতা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করার যে অপচেষ্টা চলছে, আমার মনে হয় তাঁর গানের মধ্যে তিনি এসবের প্রতিবাদ করে গেছেন। তিনি সকল সম্প্রদায়ের ঐক্যের কথা বলেছেন। মেলবন্ধনের কথা বলেছেন। আজকে তাঁর আদর্শকে যদি সারাদেশের তৃণমূলে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে নৈরাজ্য রয়েছে, অস্থিরতা রয়েছে, সেগুলোর অবসান ঘটানো সম্ভব। জন্মশতবার্ষিকীতেও বাউল আব্দুল করিমের গানের কথা সমানভাবে প্রযোজ্য। শাহ্ আব্দুল করিম’র সামাজিক মূল্যবোধ এবং নীতিনৈতিকতা সামাজিক অবক্ষয়কে রোধ করে স্বাধীন বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে দেখার স্বপ্ন দেখতেন। যে রাষ্ট্রে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে। এই বাংলাদেশের প্রতিটি মানুষ মৌলিক মানবাধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান শিক্ষা চিকিৎসার অধিকার নিয়ে বাঁচতে পারবে। এটি মুক্তিযুদ্ধেরও লক্ষ্য ছিল। শাহ্ আব্দুল করিমের আদর্শও ছিল তাই। সুতরাং তাঁর জন্মশতবর্ষ পালনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।’
গোলাম কদ্দুছ বলেন, ‘এজন্যই দেশব্যাপি শাহ্ আব্দুল করিমের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হচ্ছে’।
শাহ্ আব্দুল করিমের স্মৃতি সংরক্ষণ করা। বাড়িতে একটি শাহ্ আব্দুল করিম যাদুঘর করা। শাহ্ আব্দুল করিম যে শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন এটাকে স্বয়ংসম্পুর্ণ করা। তাঁর মূল্যবান সৃষ্টি মানুষের মধ্যে তুলে ধরতে সরকারি পৃষ্ঠপোষকতা দিতে হবে বললেন গোলাম কদ্দুছ।