স্টাফ রিপোর্টার
শাল্লার নোয়াগাঁও’এর সেই ঝুমন দাশকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (মঙ্গলবার সন্ধ্যা ৭ টা) ঝুমনকে শাল্লা থানায় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এর আগে দুপুর সাড়ে ১২ টায় পুলিশ নোয়াগাঁওয়ের বাড়ি থেকে ঝুমনকে শাল্লায় নিয়ে যায়।
ঝুমনের মা নিভা রানী দাস জানান, দুপুর সাড়ে ১২ টায় কয়েকজন পুলিশ সদস্য এসে বলেন, ঝুমনকে পাশের নোয়াগাঁও বাজারে যাবার জন্য। ওখানে গেলে পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যান। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার স্ত্রী সুইটি জানিয়েছেন, তিনি ঝুমনের সঙ্গে আছেন। তাকে আটক কিংবা গ্রেপ্তার করা হয় নি।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানালেন, ঝুমনের ফেসবুক আইডিতে উত্তেজনা ছড়ানোর মত কিছু পোস্ট ছিল। এসব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। পুলিশ সুপার মো. এহসান শাহ্ও বললেন, ঝুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। সাড়ে ৬ মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেন ঝুমন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের এই গ্রামে তাণ্ডব চালিয়েছিল হেফাজত অনুসারীরা।
- ৩৬ কোটি টাকার নির্মাণাধীন আইএইচএটি ক্যাম্পাস/ দুর্নীতি অনিয়মে কাজ বন্ধ
- জগন্নাথপুর ও শান্তিগঞ্জে বস্ত্র-ঔষধ বিতরণ


