স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বৌলাই নদীর ভান্ডারখাল এলাকায় একটি সেতু না থাকায় স্থানীয় পাঁচ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতি বছর গ্রামের মানুষজন চাঁদা তুলে ওই খালে বাঁশের সাঁকো তৈরি করেন। বর্তমানে সাঁকোটি ঝুঁিকপূর্ণ হয়ে পড়েছে।
গ্রামবাসী জানান, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টাকাটুকিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ভান্ডারখালে গত চার বছর ধরে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন মানুষ। সাঁকো নির্মাণের জন্য টাকাটুকিয়া, রসুলপুর, টুকেরগাঁও, খাসপাড়া, গোবিন্দপুর গ্রামের মানুষজনকে প্রতি বছর চাঁদা তুলতে হয়।
এর আগে এখানে নৌকা দিয়ে লোকজন পারাপার হতেন। এই বাঁশের সাঁকো পার হয়েই পাঁচ গ্রামের মানুষদের উপজেলা সদরে যাতায়াত করতে হয়। একই সঙ্গে এসব গ্রামের তিন শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এলাকার জয়নাল আবেদীন মহাবিদ্যালয়, উপজেলার সদরে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা এবং এলাকার তিনটি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করে। এখন বাঁশের র্সাকোর কয়েক স্থানে নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা পারাপার হয়। প্রতিবছর সাঁকো তৈরি করতে গ্রামবাসীর ৬০ থেকে ৭০ হাজার টাকা ব্যয় হয়।
সরেজমিনে
দেখা গেছে, ভান্ডারখালের পশ্চিমপাড়ে টাকাটুকিয়া গ্রাম ও টাকাটুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পাশেই খালের ওপর বাঁশের সাঁকো। সাঁকোটির মাঝখানে নৌকা পারাপারের বিশেষ ব্যবস্থা রাখায় সেটি একদিকে হেলে পড়েছে। খালের পুর্বপারে রসুলপুর, টুকেরগাঁও, গোবিন্দপুর ও খাসপাড়া গ্রাম।
রসুলপুর গ্রামের মরুব্বি মতিউর রহমান জানান, পাঁচ গ্রামের মানুষ এখানে সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন। এই সড়ক দিয়েই এলাকার মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। আর কোনো বিকল্প সড়ক নেই।
রসুলপুর গ্রামের কলেজ ছাত্র মো. আনোয়ার হোসেন বলেন,‘আমরা সেতু নির্মাণের জন্য এলাকার সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সবার কাছে দাবি জানিয়েছি। গত ৬ জুলাই এলাকার সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন তাহিরপুরে এলে পাঁচগ্রামের মানুষ দেখা করে আবার সেতুর দাবি জানিয়েছেন। তিনিও সেতু নির্মাণের বিষয়ে সবাইকে আশ্বাস দিয়েছেন।
রসুলপুর গ্রামের আবদুস ছাত্তার, টুকেরগাঁও গ্রামের আবদুল হাদিস বলেন,‘ সেতুর জন্য দুইবার উপজেলা থেকে লোকজন এসে স্থানটি দেখে গেছে। কিন্তু পরে কী হয়েছে আমরা জানি না, কোনো কাজও হয়নি।’
জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ঝর্ণা খাতুন, লায়লা বেগম জানায়, ওই খাল দিয়ে নৌকা চলাচলের সুবিধার্থে সাঁকোটি উঁচু করে বানানো হয়েছে। এখন সাঁকোর মাঝখানটা নড়বড়ে হয়ে আছে। পার হতে খুব ভয় হয় তাদের। কয়েকজন মিলে হাত ধরাধরি করে সাঁকো পার হয় তারা। একইভাবে ভয়ের কথা জানায়, টাকাটুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুহিদ হাসান, হেপি আক্তার, পুর্ণিমা আক্তার। রুহিদ হাসান এই প্রতিবেদকে বলে,‘প্রধানমন্ত্রীরে খইন যেন এই খালে আমরারে একটা পুল (সেতু) বানাইয়া (নির্মাণ) দিতা।’
টাকাটুকিয়া সরকার প্রথিমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনদা গাঙ্গুলি বলেন,‘শিশুরা সাঁকো পার হওয়ার সময় কখন খালে পড়ে যায়, এই নিয়ে আমরা চিন্তায় থাকি বেশি।’
জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেন বলেন,‘এখানে একটি সেতুর নির্মাণ জরুরি হয়ে পড়েছে।’
এলজিইডির তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো. আলমগীর হোসেন বলেন,‘এখানে একটি সেতুর নির্মাণের প্রকল্প প্রস্তাব এক বছর আগে মন্ত্রণালয়ে পাঠানো আছে। কিন্তু সেটির কোনো অগ্রগতি নেই। এখন সেটি কোন পর্যায়ে আছে খোঁজ নিয়ে দেখব।’


