সেতুর উপরে বিপজ্জনক অবস্থায় লোহার পাত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় যাতায়াত সড়কের রসুলপুর এলাকায় সেতুর উপর দীর্ঘদিন ধরে একাধিক স্থানে বিপজ্জনকভাবে লোহারপাত উপড়ে পড়েছে। এ কারণে চলাচলকারী যানবাহনসহ মানুষজন দুর্ঘটনায় পড়েছেন। কিন্তু এই লোহারপাত অপসারণের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
স্থানীয়রা জানান, দীর্ঘ দুই মাস ধরে এই সেতুর একাধিক স্থানে লোহারপাত উপড়ে পড়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেতুর উপর। সরকারী সম্পদ যে কেউ ইচ্ছে করলেই অপসারণ করতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও লোহারপাত অপসারণের ব্যবস্থা নিচ্ছেন না। এতে প্রতিদিন একাধিক দুর্ঘটনা ঘটে চলেছে।
পথচারী আমির হোসেন বলেন, এই সেতুর উপর উঠলেই সাবধান হতে হয় আমাদের। উপড়ে যাওয়া লোহারপাত দেখে যানবাহন এক পাশ দিয়ে চলাচল করে।
মটরবাইক চালক আব্দুল হান্নান বলেন, রাতে বেলায় মটরবাইক চালানোর সময় সেতুর উপর উঠলেই দেখা যায় লোহারপাত উপড়ে উঠেছে। একদিন ভুলবশত ওঠেছিলাম, পরে কঠিন ব্রেক কষে বাইক থেকে পড়ে গেছি। এভাবে অনেকেই দুর্ঘটনায় পড়েন।
সুনামগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, এই ছোট্ট বিষয়টি অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে অনেকেই সেটি জানিয়েছেন। আমরা দ্রুতই এই পাত অপসারণের উদ্যোগ নেব।