সেতু নির্মাণের দাবি উঠেছে হালুয়ারঘাটে

আকরাম উদ্দিন
সদর উপজেলার হালুয়ারঘাট এলাকায় সুরমা নদীর উপর সেতু নির্মাণের দাবি তুলেছেন দুই উপজেলার প্রায় ৩ লাখ মানুষ। সদরের সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ইউনিয়ন এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার, পূর্ব বাংলাবাজার, লক্ষীপুর ও সুরমা ইউনিয়নের বাসিন্দারা এই সেতু নির্মাণের দাবিতে ইতিমধ্যে স্থানীয়ভাবে সভা-সমাবেশ এবং সরকারের দায়িত্বশীলদের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা জানিয়েছেন।
এলাকাবাসী জানান, এই সেতু নির্মাণ হলে সুরমার উত্তরপাড়ের ডলুরায় ভারত-বাংলাদেশের শুল্কস্টেশন স্থাপন এবং সীমান্ত এলাকার কাঁচামাল এবং বালু-পাথর নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। সম্প্রতি, সুরমার উত্তর পাড়ের নেতৃস্থানীয়রা সুনামগঞ্জের সন্তান পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সঙ্গে দেখা করেও এই দাবির কথা জানান।
দুই উপজেলার সংশ্লিষ্ট ৭ ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, ‘ব্যবসা বাণিজ্য ও জীবনমানের উন্নয়নের  প্রয়োজনে সুরমা নদীর উপর সেতু নির্মাণ করা খুবই জরুরি। এই সেতু নির্মাণ হলে দুই উপজেলার বৃহৎ অংশের মানুষের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও জীবনমানের উন্নয়ন হবে বলে মনে করেন তাঁরা। এই সেতু হলে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার ও ছাতকের সঙ্গে এই অঞ্চলবাসীর যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।
এলাকাবাসী জানান, হালুয়ারঘাটে সেতু নির্মাণের পরিকল্পনা ছিল দীর্ঘ ৩০ বছর আগেও। একাধিকবার এই সেতু নির্মাণ বিষয়ে প্রস্তুতি ও পরিকল্পনাগ্রহণে সেতুর উপযুক্ত স্থান ও মাটি পরীক্ষা-নিরীক্ষাও হয়েছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা আশ্বস্থ হয়ে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনাও করেছিলেন। ইতিপূর্বে জাতীয় নির্বাচনের প্রচারণায় স্থানীয় নেতারা  
হালুয়ারঘাটে সেতু নির্মাণের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু কথা রাখেননি কেউ-ই।  
সুরমা নদীর উত্তরপাড় সদর উপজেলায় রয়েছে শাক-সবজি, বালু-পাথর, সুস্বাদু ফলমুল, ভেষজবাগ, কাংলার হাওরের মাছ, বিখ্যাত ডলুরা শহীদ মিনার, বর্ডারহাট, প্রকৃতিক দৃশ্য অবলোকনে আছে মেঘালয়ের গারো পাহাড়, পাহাড়ী নদী, পীর-ফকিরের মাজার ইত্যাদি।
বালু-পাথর, টমেটোসহ শাক-সবজী নির্ভর শিল্প কারখানাও এখানে গড়ে তোলা সম্ভব। সুরমার উত্তরপাড়ে ছোট-খাটো যানবাহন চলাচলের অসংখ্য যোগাযোগ সড়কও হয়েছে। সেতু নির্মাণ হলে এই এলাকার সবজীসহ কৃষিপণ্য জেলার বাইরে সরবরাহের সম্ভাবনা রয়েছে।
সেতু নির্মাণ হলে কেবল সুনামগঞ্জ সদরের ৩ ইউনিয়নই নয় দোয়ারাবাজার উপজেলার বিশাল চেলা নদীর বালু-পাথর, ঐতিহ্যবাহী টেংরাটিলা গ্যাস ফিল্ড, ওখানকার কাঁঠাল বাগ, ছোট-বড় কয়েকটি হাওর ও বিল, পাহাড়, পাহাড়ী নদী, হাট-বাজার, প্রাকৃতিক সম্পদে ভরপুর অঞ্চলের সঙ্গে যোগাযোগ সুবিধা বাড়বে।
মঙ্গলকাটা বাজারের ব্যবসায়ী আব্দুর রব বলেন, ‘সুরমার উত্তরপাড়ের মানুষের তথা দেশের উন্নয়নের স্বার্থে শহরতলীর হালুয়ারঘাট এলাকায় সুরমা নদীর উপর সেতু নির্মাণ জরুরি’।
সাবেক ইউপি সদস্য মো. খসরু মিয়া বলেন, ‘সুরমার উত্তরপাড় সম্ভাবনাময় এলাকা। কিন্তু বছরের পর বছর এই এলাকা অবহেলিত। সরকার যদি সেতু নির্মাণ করেন তাহলে রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। জীবনমানের উন্নয়ন ঘটবে।’
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘সুরমা সেতু নির্মাণের দাবিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অবহেলিত থাকতে চাই না। আমাদের দাবি অবশ্যই সমযোপযোগী। আমরা চাই হালুয়ারঘাট এলাকায় সুরমা সেতু নির্মাণ হউক।’
জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মকসুদ আলী বলেন, ‘সুরমা সেতু নির্মাণ হউক এটা আমাদের সবার দাবি। হালুয়ারঘাট এলাকায় সুরমা নদীর উপর সেতু নির্মাণের দাবি ছিল অনেক আগে থেকেই। শুধু সেতু নির্মাণ হবে, এটাই শুনে আসছি। এখন আর শুনতে চাই না। সেতু’র নির্মাণ চাই।’
রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, ‘এই সেতু নির্মাণের জন্য পরিকল্পনা ছিল। সেতু নির্মাণের ব্যবস্থা করা উচিৎ। এটা আমাদের সুরমার উত্তরপাড়ের মানুষের আকাঙ্খা। আমাদের এলাকার মানুষের জীবনমানের সাথে সম্পর্ক এই সেতুর। এটা নির্মাণ হলে মানুষের উন্নয়ন হবে এবং সরকারেরও রাজস্ব আয় বাড়বে।’