সেন দা, হাওরের রাজধানী কাকে দিলে?

ইয়াকুব শাহরিয়ার
এ শহরে প্রবল জ্যোৎস্না বৃষ্টি হতে দেখেছি বহুবার।
রূপালী জ্যোৎস্নায় ভিজতে ভিজতে কতবার যে এ আকাশ দেখেছো,
বানের জলঢেওয়ে খেলেছো কতবার- তার হিসেব কষা দুরূহ! এক জীবন।
কাটিয়ে গেলে হাওরের রাজধানীর রাজা হয়ে।

রাজনীতির কবি হয়ে জন্ম দিলে অসংখ্য কালজয়ী ভাষণকবিতা!
বাঙালি জাতির আন্ধাইর সময়ে জ্বলে উঠেছিলে আলোর মশাল হয়ে।
মাটিমাখা হাওরের দেশ তোমার গন্ধ পাবে না আর;
বড্ড অসময়ে যেতে হলো?

বক, কাক, শালিক, শামুক, পানকৌড়ি, জলরাশি,
দিরাই-শাল্লা, আনোয়ারপুর- তোমাকে
খোঁজে বেড়ায় ছাপ্পান্ন হাজার বর্গমাইলে।
শত মানুষের বুকের পাঁজর ছেঁচে তুমি পরম
শ্রদ্ধায় শুয়ে পড়লে চন্দনতলায়।
সেন দা, হাওরের রাজধানী কাকে দিলে?