সু.খবর ডেস্ক
দেশের সেবাখাতগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ খাত পাসপোর্ট বিভাগ। এ খাতটিতে ৭৭ শতাংশ দুর্নীতি হয়ে থাকে। আর ঘুষ শিকারের হার ৭৬ দশমিক ১ শতাংশ। দুর্নীতিগ্রস্ত হিসেবে দ্বিতীয় খাত হচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী সংস্থা।
রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে বুধবার ‘সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০১৫’ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের ১৫ হাজার পরিবারের ওপর পরিচালিত জরিপে এ রিপোর্ট তৈরি করা হয়। দেশের ১৬টি সেবাখাতের ওপর খানা জরিপে ২০১৫ সালের চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের প্রমুখ।
ইফতেখারুজ্জামান বলেন, সবচেয়ে দুর্নীতিগ্রস্থ সেবা খাত হলো পাসপোর্ট। পাসপোর্ট খাতে ঘুষ শিকারের হার ৭৬ দশমিক ১ শতাংশ। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত আইনশৃংখলা বাহিনী। এখাতে ৭৪ দশমিক ৬ শতাংশ দুর্নীতি হয়। এরপর আছে শিক্ষা, বিআরটিএ, ভুমি প্রশাসন, বিচারিক সেবা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ ১৬টি সেবা প্রতিষ্ঠান। এগুলোতে মোট ৬৭ দশমিক ৮ শতাংশ দুর্নীতির শিকার হয়।
প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ৮ হাজার ৮২২ কোটি টাকা। যা ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ৩ দশমিক ৭ শতাংশ।
প্রতিবেদনে জানানো হয়, উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের মানুষের ওপর দুর্নীতি ও ঘুষের বোঝা অনেক বেশি।


