সু.খবর ডেস্ক
জাসদ থেকে মন্ত্রী বানানোর বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেছেন দলটির শীর্ষ নেতারা। তারা ১৪-দলীয় জোটের ঐক্য বিনষ্ট হয়- সৈয়দ আশরাফকে এমন মন্তব্য করা থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জাসদ নেতারা এ অনুরোধ জানান।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নকে এগিয়ে নিতে তথ্যমন্ত্রী যখন অক্লান্ত পরিশ্রম করছেন, তখন এই ধরনের কাঁদা-ছোড়াছুড়ি আমাদের ঐক্য বিনষ্ট করবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘তিনি (সৈয়দ আশরাফ) যে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, যে অনৈক্যের সৃষ্টি করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবিলম্বে তার মুখ বন্ধ করুন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে পরিষ্কারভাবে বলতে হবে- ঐক্য চান, কি চান না। ১৪ দলের ঐক্য থাকবে কি থাকবে না? একদিকে আমাদের সভাপতির নামে বিষোদ্গার করবেন। অন্যদিকে জঙ্গি ঠেকাবেন, এটা হতে পারে না।’
আনোয়ার হোসেন বলেন, ‘আমরা মহাজোট সরকারে আছি, ১৪ দলে আছি। কিন্তু আমাদের নিজস্ব অবস্থান আছে, মুক্তিযুদ্ধের চেতনা আছে, সংবিধান আছে, জাতির জনক আছেন আমাদের সামনে। সেই বিবেচনা করেই চলি। আর ভুল করবেন না।’
উল্লেখ্য, সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক-বাহকেরা একশ ভাগ ভন্ড বলে মন্তব্য করেন সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, জাসদ থেকে মন্ত্রী করায় আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে এসব কথা বললেন জাসদ নেতারা।


