সোনাপুর সড়কের ভয়াবহ ভাঙন

আকরাম উদ্দিন
বিগত ৪ দফা বন্যায় সদর উপজেলা গৌরারং ইউনিয়নের সোনাপুর সড়কের ৩ স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন এই সড়কে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন ভোগান্তির শিকার মানুষ।
এবারের বন্যায় অলিরবাজার থেকে সোনাপুর বাজার পর্যন্ত যাতায়াত সড়কের তিন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোনাপুর গ্রাম এলাকায় দুইটি ভাঙন, একটি ভাঙন হয়েছে বাহাদুরপুর এলাকায়। এই সড়ক দিয়ে সোনাপুর, বেদেপল্লী, বাহাদুরপুর, সাক্তারপাড়া, ভাদেরটেকসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, চাকুরীজীবী, শিক্ষক, শিক্ষার্থী, রোগীসহ নানা শ্রেণী পেশার মানুষ প্রতিদিন শহরে আসা-যাওয়া করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাকারিয়া ও ছুমাইয়া আক্তার বলেন, আমরা প্রতিদিন শহরে গিয়ে লেখাপড়া করি। সড়কের ভাঙনে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় আমাদের। পথচারীদের ভোগান্তি কমিয়ে আনতে দ্রুত সড়কের মেরামত কাজ জরুরি প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা রফিক আহমদ, কালো মিয়া, শাহ আহমদ মিয়া বলেন, সড়কের কাজ ভালমানের হলে অবশ্যই মেরামতের পর ১-২ বছর যেতো। মেরামতের পর প্রতি বছর এই সড়ক বন্যায় ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা বাংলাদেশ বেদে পল্লী সাংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বাউল নিজাম উদ্দিন সরকার বলেন, সোনাপুর সড়কের দ্রুত মেরামত কাজ না হলে বৃষ্টির দিনে আরও ভয়াবহ অবস্থা হবে। মানুষের ভোগান্তি কমিয়ে আনতে জরুরি ভিত্তিতে সড়ক মেরামত প্রয়োজন।
সাবেক মেম্বার রজব আলী বলেন, সুষ্ঠু পরিকল্পনায় এই সড়কের কাজ হলে বন্যায় পানির চাপে ভেঙে যেতো না। প্রতি বছর কাজ তেমন ভাল হয় না। এবার এই সড়কের ভালমানের কাজ করার দাবি আমাদের।
মাও. আব্দুল হেকিম বলেন, সড়ক ভেঙে গেলে আমাদের ভোগান্তির সীমা থাকে না। এই সড়ক ভাল থাকলে সহজে শহরে আসা-যাওয়া করা যায়।
গৌরারং ইউপি চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, আমার ইউনিয়নের সোনাপুর এলাকায় সড়কের ৩ স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে মানুষের ভোগান্তি মারাত্মকভাবে বেড়েছে। আমরা এই বেরীবাঁধ আকৃতির যাতায়াত সড়কের মেরামতের জন্য পিআইসি’র মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন হয়ে আসলে দ্রুত মেরামত কাজ করা হবে।
সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সোনাপুর এলাকায় মানুষজন যাতায়াতের যে বাঁধ গত বন্যায় ভেঙেছে, এই বাঁধ যদি হাওরবর্হিভূত আমাদের বাঁধ হয়, তাহলে অবশ্যই আমরা মেরামতের জন্য ব্যবস্থা নেব।