স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সৌদি আরবগামী ৭০০ জন কর্মীকে করোনাকালীন সময়ের কোয়ারেন্টাইন খরচবাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৭০০ জন কর্মীর প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ কল্যাণ বোর্ডের অর্থয়ানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারি কমিশনার ইফতিসাম প্রীতির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওয়েজ কল্যাণ বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক শোয়াইব আহমাদ খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক নিবারণ চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রব, সৌদি প্রবাসীর স্ত্রী আশরাফিয়া জিন্নাত প্রমুখ।
আলোচনা সভার পর প্রবাসীকর্মী ও তাদের পরিবারের লোকজনের হাতে চেক তুলে দেওয়া হয়।


