সৌরবিদ্যুৎ হবে ভবিষ্যৎ উন্নয়নের নিয়ামক

সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি সারা বিশ্বে এখন সমাদৃত হচ্ছে। এই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করলে পরিবেশের বিপর্যয় ঘটে না, গ্যাস ও কয়লা বা তেলের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদের দরকার পড়ে না। কিন্তু সমস্যা হলো সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ব্যয় এখন পর্যন্ত অত্যধিক বিবেচিত হয়ে থাকে। সারা বিশ্বে যেভাবে প্রাযুক্তিক উৎকর্ষতা ঘটছে তাতে নিশ্চিতভাবেই আশান্বিত হওয়া যায় যে, অচিরেই সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি আরও অনেক সাশ্রয়ী হয়ে উঠবে। খনিজ সম্পদ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জায়গা থেকে বিশ্ববাসীকে একসময় অবশ্যই সরে আসতে হবে। কারণ এসব প্রাকৃতিক সম্পদের পরিমাণ অসীম নয়। অপরদিকে প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের চাহিদা। এমন অবস্থায় প্রকৃতির অকৃপণ দান সৌরালোকের অপরিমেয় ভা-ার মানবসভ্যতাকে টিকিয়ে রাখতে যে অসামান্য ভূমিকা রাখবে, বরং বলা যেতে পারে ভবিষ্যৎ শক্তিভা-ার হিসেবে এই সৌরালোকই হবে প্রধান অবলম্বন, ক্রমশ সৌরবিদ্যুৎতের জনপ্রিয়তা বাড়া থেকে এটি স্পষ্ট হচ্ছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ শেষ, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন আগামী ১০ ডিসেম্বর। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, এই প্রকল্প থেকে উপজেলাধীন বিভিন্ন গ্রামের ৪০০ পরিবার বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাবেন। আমরা জানি না এই প্রকল্পের মাধ্যমে দৈনিক কত ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তবে ধারণা করতে পারি প্রচলিত ব্যবস্থায় যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়ে থাকে বর্নিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে না। সংগত কারণেই পরিবার পিছু সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণও কম হবে। তবে আশাব্যঞ্জক দিকটি হলো, পরিমাণে কমই হোক, শাল্লার মতো একটি দুর্গম উপজেলার সুবিধাবঞ্চিত জনপদের কিছু মানুষ এর মধ্য দিয়ে বিদ্যুৎসুবিধা ভোগ করতে সমর্থ হবেন। আমরা শাল্লার মতো এলাকায় এমন পরিবেশবান্ধব একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ করায় সরকারকে অভিনন্দন জানাই।
মূলত দেশের মাথাপিছু গড় বিদ্যুৎ ব্যবহারকে যেকোন দেশের উন্নয়ন সূচক বিবেচনা করা হয়, আধুনিক উন্নয়ন পরিমাপের এই সূত্র থেকে বিদ্যুতের গুরুত্ব বুঝা যায় সহজেই। বর্তমান সরকার সারা দেশকে বিদ্যুৎ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে প্রতি দিনই নতুন নতুন সফলতায় অভিষিক্ত হচ্ছেন। এই সরকার যে কয়েকটি জায়গায় ব্যাপক সফলতা অর্জন করেছেন তার অন্যতম হলো বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের পরিধি বাড়ানো। এমন কাজে সৌর বিদ্যুৎ এরও যে ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে শাল্লার এই প্রকল্প তার বড় প্রমাণ।
প্রকল্পটির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ যথাযথ মানে বজায় রাখার জন্য আমরা প্রকল্প কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাই। এর সফলতার উপর এমন প্রকল্পের সম্প্রসারণের ভবিষ্যৎ নির্ভরশীল। প্রকল্পটির পরিচালন ব্যয় যাতে সর্বনি¤œ পর্যায়ে রাখা যায় সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে শুরু থেকেই।  গ্রাহকদের সচেতন করতে হবে যাতে এই বিদ্যুতের যাবতীয় উপকরণাদি তারা সতর্কভাবে ব্যবহার করেন। আমরা অধীর আগ্রহে প্রকল্পটির উৎপাদন সক্ষমতা ও ব্যবস্থাপনা দক্ষতার দিকে তাকিয়ে রইলাম।