স্কুল কলেজ পর্যায়ে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার
দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণের অংশ হিসাবে সুনামগঞ্জে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শহরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় সঙ্গীত আমাদের প্রাণের সঙ্গীত, জাতীয় সঙ্গীত সকলকে শুদ্ধ করে গাইতে হবে। কারণ আমাদের জাতিস্বত্বার     
অস্থিত্ব জানান দেবে যে সঙ্গীত, সেই প্রাণের সঙ্গীত শুদ্ধ উচ্চারণে না গাইতে পারলে দেশকে অসম্মান করা হবে। এজন্যই আমাদের সকলকে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাইতে হবে।’
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার মো. মামুন খন্দকার, এনডিসি সুহেল রানা, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাশ চৌধুরী রঞ্জন।
এছাড়াও উপস্থিত ছিলেন কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা তালুকদার, সঙ্গীত প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ, দিপায়ন চৌধুরী, উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক প্রদীপ কুমার চন্দ, তুলিকা ঘোষ চৌধুরী, তাল সহকারী প্রশিক্ষক অমিত বর্মণ প্রমুখ।