জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করায় স্ত্রীর চুল কেটে দিয়েছে স্বামীর স্বজনরা। এ ঘটনায় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে দেবর শামছু মিয়া (৩০) কে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।
জানা যায়, অনন্ত গোলাম আলীপুর গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ের বিয়ে হয় চার বছর আগে সুবিদপুর গ্রামের আশিদ উল্লার ছেলে মাসুক মিয়ার সাথে। সাম্প্রতিক সময়ে স্ত্রী কে মারধর ও যৌতুকের অভিযোগে গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ হাকিম আদালতে মামলা দায়ের করেন ঐ গৃহবধূ। আদালত মামলাটি আমলে নিয়ে মাসুক মিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে জগন্নাথপুর থানা পুলিশ গত সোমবার মাসুক মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠায়। এরই জের ধরে গত শুক্রবার রাতে মাসুক মিয়ার ভাই শামছু মিয়াসহ কয়েকজন আত্মীয় মিলে নির্যাতিতা গৃহবধূর বাড়িতে হামলা চালিয়ে মাথার চুল কর্তনসহ মারপিট ও ভাংচুর করে। পরে ওই গৃহবধূ থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ ঘটনার সাথে জড়িত মাসুক মিয়ার ভাই গৃহবধূর দেবর শামছু মিয়া (৩০) কে গ্রেপ্তার করে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাৎক্ষণিক একজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজত পাঠিয়েছেন। অপর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


