স্ত্রী হত্যার প্ররোচনায় স্বামী বিল্লাল কারাগারে

স্টাফ রিপোর্টার
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেবার মামলায় উন্নয়নকর্মী বিল্লালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সকালে সুনামগঞ্জ সদর থানা পুলিশ বিল্লালকে সুনামগঞ্জ সদর জোন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রহিবুল ইসলামের আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
তাহিরপুর উপজেলার বৃন্দারবন গ্রামের নুরুজ্জামানের ছেলে বিল্লাল মিয়ার (৪০) বিরুদ্ধে স্ত্রী আয়েশা আক্তারকে গলায় ফাঁস দিয়ে হত্যার প্ররোচনার অভিযোগ এনে শনিবার রাতে আয়েশার বাবা আলী আকবর বাদী হয়ে মামলা করেন।
শহরতলির মল্লিকপুরের ভাড়াটিয়া বাড়িতে থাকা তিন সন্তানের জননী গৃহবধু আয়েশা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি চিরকুটে লিখে যান তার স্বামী অন্য আরেকটি মেয়ের   সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তার সঙ্গে অশোভন আরচরণ করেন। অনেক চেষ্টা করেও তিনি স্বামীকে ফেরাতে পারেননি। উল্টো যতই দিন যাচ্ছে স্বামী তার সঙ্গে খারাপ আচরণ করেছেন।