রোকেস লেইস
সুনামগঞ্জ ষাটের দশকে, এতোটাই যথার্থ ছিলো, ঠিক যে স্থানে যা প্রয়োজন সে রকমই ছিলো। হাসপাতাল, জেল, লঞ্চঘাট, বাসস্টেন্ড, কোর্ট, থানা, কলেজ, স্কুল, পাঠশালা সহ প্রয়োজনীয় অফিস সমূহ, বাজার, খেলার মাঠ সব যেনো কোনো শিল্পীর নিপুণ তুলিতে আঁকা। রাস্তাগুলো ছিমছাম, জ্যামিতিক বিচার বিবেচনায় প্রতিটি সমান্তরাল, চতুর্ভুজ, ছেদক হয়ে একে অপরের সাথে সম্পর্কিত, যা পিথাগোরাস এর অনুসারী কোনো পন্ডিত বা পন্ডিতবর্গের দ্বারা পত্তন হওয়াকে ইঙ্গিত করে, অর্থাৎ পরিকল্পনা প্রসূত। শহরের গা ছুঁয়ে পটে আঁকা ছবির মতোই সুরমা নদী চলে গেছে এঁকেবেঁকে। আর, শহর থেকে অনতি দূরে ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ….’, অন্য পাশে অবারিত সবুজ প্রান্তর, বর্ষায় থৈ থৈ জলরাশি। ‘সুনাম’ নামের গুণ প্রতিষ্ঠায় সত্যি ছবির মতো। এ’ শহরের গোড়া পত্তনে যে বা যাঁরাই ছিলেন, দূরদর্শী ছিলেন, সৌন্দর্য প্রিয় ছিলেন, আধুনিক মনষ্ক ছিলেন। মহকুমা সৃষ্টির (১৮৭৭) প্রায় একশত বৎসর পরও তা ছিলো দৃষ্টি নন্দন, সুপরিকল্পিত। প্রয়োজন পরিবর্তনকে গ্রহণ করে, মেনে নেয়, মানিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় কলেজ হয়ে গেলো পুরাতন কলেজ, বর্তমানে অস্তিত্বহীন। প্রতিষ্ঠা হলো সুনামগঞ্জ কলেজ, অনেক ধুঁকে ধুঁকে হলো সরকারী, পাস কোর্স থেকে উন্নত হতে হতে বেশ কয়েকটি বিষয়ে অনার্সও চালু হয়েছে। হাসপাতাল হয়ে গেলো পুরাতন হাসপাতাল, সৃষ্টি হলো নূতন, পঞ্চাশ শয্যা থেকে আড়াই শ’ শয্যা হলো, উন্নত যন্ত্রপাতি সন্নিবেশিত হলো, হচ্ছে, হবে। জেল স্থানান্তরিত হলো, পুরাতনটি মহিলা ছাত্রীনিবাস, পৌর ভবন পুরাতন থেকে নূতন হলো, পুরাতন ভবনটি সময়ের চাহিদায় হয়ে গেলো পৌর কলেজ। সেটিও শহরতলিতে নিজস্ব ভূমিতে যাওয়ার প্রাথমিক পর্যায়ে আছে। শিল্প চর্চায় দীর্ঘ অবদান রাখা ছোট্ট গৃহটি ছেড়ে দৃষ্টি নন্দন ভবনে স্থানান্তর হলো শিল্পকলা । পুরাতন বাসস্টেন্ড বিলীন হয়ে নূতন বাসস্টেন্ড হলো। কোর্ট স্থানান্তরিত হলো প্রয়োজনের তাগিদে, স্থানান্তরিত হলো জেলা প্রশাসন অফিস। চলমান, ক্রমবর্ধমান চাহিদা নতুন পরিবেশ পরিস্থিতির উদ্ভব ঘটায়, যা চিরন্তন। সময়ের চাহিদায় পরিবর্তন পরিবর্ধন অনস্বীকার্য।
সময়ের চাহিদায় এ জেলায় অনেক সরকারী বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই গড়ে উঠেছে এবং উঠছে এর কিছু কিছু পুনঃ নির্মাণ এবং অনেকগুলোই নতুনকল্পে সৃষ্ট।
সৌভাগ্য, বর্তমান সরকার জেলার জন্য একটি চিকিৎসা মহাবিদ্যালয় অনুমোদন করেছেন। যা, জেলাবাসির দীর্ঘ দিনের প্রাণের দাবী। পরিকল্পনা হয়েছে, স্থান নির্বাচন কমিটি ইতিমধ্যে একটি স্থানও নির্বাচন করেছেন। যাঁরা স্থান নির্বাচনের দায়িত্বে থাকেন, এঁদের সুদূর প্রসারী বিচার বিবেচনার আলোকে সিদ্ধান্ত নিতে হয়। আমরা জেলাবাসি সাধারণ জনগণ পছন্দ অপছন্দ নিয়ে মতামত দেয়ার অধিকার রাখি, মতামত দিতেই পারি। একটি মহাবিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাস থাকবে, প্রশাসনিক ভবন, শ্রেণীকক্ষ, ছাত্রাবাস, শিক্ষক, কর্মচারীদের আবাসিক ভবন আপাতঃ দৃষ্টে এবং অবশ্যই ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থাকবেন।
তবে,যখনই চিকিৎসা মহাবিদ্যালয়, তখন অতি অবশ্যই একটি মান সম্পন্ন সর্বাধুনিক হাসপাতালও থাকবে। আর, সে ক্ষেত্রে চিকিৎসা নিতে আসা ব্যক্তিগণ তাদের সঙ্গীয় লোকজন/পরিচর্যাকারী, এবং নার্স, ওয়ার্ড বয়, সুইপার ইত্যকার আনুষঙ্গিক স্টাফ, টেকনিশিয়ান এর সন্নিবেশ ঘটবে। এ সমস্ত সার্বিক বিষয় যা এক মহাযজ্ঞ। পরিকল্পনার দায়িত্বে থাকা জনদের সুবিবেচনার অন্তর্গত হতেই হবে। আর, এ সমস্ত বিষয় যাচাই-বাছাই এর তুল্যমূল্যে সর্বোপরি, সহজ যোগাযোগ সুবিধার নিশ্চয়তা বিধান সাপেক্ষ স্থান নির্ধারণ হোক, পরিকল্পনা বাস্তবায়ন হোক।
সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভবনের স্থান নির্ধারণ নিয়ে টানাপোড়ন হলো, প্রায় আড়াই কোটি টাকার প্রাক্কলিত ব্যয় পুনঃ নির্ধারিত হলো পাঁচ কোটিরও অধিক। আর, স্থান নির্ধারিত হলো প্রথম যেখানে ছিলো সেখানেই। প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলো সাত বছর, মধ্য থেকে আর্থিক আর সময়ের ক্ষতি সইতে হলো।
নার্স ট্রেনিং ইনস্টিটিউট এর জায়গা সমস্যার সমাধান না হওয়ার অজুহাতে ইনস্টিটিউটটিই চলে গেল অন্য জেলায়।
জন মতামত থাকবে, পছন্দ অপছন্দ থাকবে, থাকাটাই স্বাভাবিক।একটি প্রকল্প প্রস্তুত হয় বিশেষজ্ঞ ব্যক্তিগণ সমন্বয়ে, প্রচুর পেপার ওয়ার্কস হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় শুধু নয় আন্ত মন্ত্রণালয় বিচার বিশ্লেষণ হয় এবং যথেষ্ট সময় ক্ষেপণ হয়। সেক্ষেত্রে পুনঃ বিবেচনার মানে আবার নতুন শুরু। তবে, যারা দায়িত্বে আছেন তাদের প্রতি জোড়ালো দাবী থাকবে, দেশবাসী তথা জেলাবাসি সাধারণের ভবিষ্যৎ সুবিধাদি সর্বোচ্চ বিবেচনায় পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে নিষ্ঠা ও শতভাগ সততা নিয়ে ভূমিকা রাখুন, দীর্ঘ সূত্রিতা পরিহার করে স্বল্প ও যৌক্তিক মেয়াদ মধ্যে স্বর্ণ সম্ভাবনা বাস্তবায়নে সচেষ্ট হোন।
১৪০৬১৭


