সজীব দে
আজ নতুন ইংরেজি বছর ২০১৮। নতুন আর এক আরম্ভের প্রত্যাশায়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নতুন বছরের দিনপঞ্জি। পেছনের সব গ্লানি, বেদনা আর অপ্রাপ্তি পেছনে ফেলে নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হলো আমাদের। শুরু হবে নতুন করে পথচলা। বহু উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী ২০১৭ আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। যার মধ্যে কিছু কিছু ঘটনা যেমন আমাদের আনন্দ দেয়, আশার আলোকপথ দেখায়, তেমনি বহু ঘটনা আমাদের মনে বেদনারও কারণ হয়ে দাঁড়ায়।
২০১৭-র উল্লেখযোগ্য ঘটনার মধ্যে যে বিষয়টি আমাকে ও আমার মতো আরও অনেককেই বেশ ভাবিয়ে তুলছে তার মধ্যে প্রথমেই থাকবে হাওরের ফসলহানির কথা। হাওরে সারা বছরজুড়েই আমাদের প্রিয় জেলা আলোচনার কেন্দ্রে ছিল সারাদেশের। বছর শেষ হয়েছে হাওরে আরেক সংকট নিয়ে। জলাবদ্ধতার কারণে বোর আবাদ প্রায় ২০ দিন পিছিয়ে গেছে। এখন বেশীর ভাগ হাওরে রয়েছে জলাবদ্ধতা। এছাড়াও নারী ও শিশুর শিশু নির্যাতন, সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা, বজ্রপাতে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। তবে কঠিন জীবন সংগ্রামের পেছনেও সাফল্যেও দেখিয়েছে আমাদের হাওরপাড়ের শিক্ষার্থীরা। গত বছরের এইচএসসি পরীক্ষায় জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে দুর্গম শাল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এবার বছরের শেষে প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার সেরা ফলাফল করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। এছাড়াও দৃষ্টিহীন এবং বাকপ্রতিবন্ধী দুই শিক্ষার্থীর প্রচেষ্টা, মেডিকেলে চান্সপ্রাপ্ত হাওরপাড়ের কৃষিজীবী পরিবারের জাহিদ হাসান, হৃদয়ের মতো তরুণদের অসাধ্য সাধনের দৃঢ় সংকল্প আমাদের আশাবাদি করে। আমাদের সাহস যোগায় বিভিন্ন সংকটে, জীবন সংগ্রামের প্রতিটি পদক্ষেপে। কোন বাধাই আমাদের দমাতে পারবে না। সংগ্রাম করে হলেও সাফল্যে আমরা ছিনিয়ে আনব।
তাই নতুন বছরে আমদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো আমরা যেন সংকট, হরণ করে সার্বিক উন্নতির পথে অগ্রসর হতে পারি। আজ নতুনের আহ্বানে পুরাতন সব জঞ্জাল ধুয়ে-মুছে নতুন সূর্যের আলোয় আলোকিত হবে পৃথিবী। নতুন উৎসাহে, নতুন প্রেরণায়, নতুন আশায়, নতুন স্বপ্নে জীবনের উচ্ছ্বসিত সূচনা হবে। নতুনভাবে সন্দীপিত হওয়ার এই আকাক্সক্ষা কেবল নিজের জন্য নয়, দেশ ও সমাজ তথা বিশ্বের জন্য। নতুন বছর আামাদের সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক। সুতরাং আসুন সবাই মিলে কামনা করি নতুন বছর শুভ হোক সকল মানুষের জন্য।


