স্বাধীনতার ৪৫ বছর- জামালগঞ্জে এখনো বহাল তবিয়তে পাকিস্তানের নেতা জিন্নাহ’র নাম

আকবর হোসেন, জামালগঞ্জ
পাকিস্তানের জিন্নাহ’র নামে জামালগঞ্জে বহাল তবিয়তে আছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম। বাংলাদেশের মানুষের ঘৃনার পাত্র কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নামে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয় জিন্নাহ মেমোরিয়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলার ভীমখালী ইউনিয়ন ঘেষা সুরমা নদীর দক্ষিণ পাড়ে সাচনা বাজার এলাকার গ্রাম রুপাবালী। ১৯৪৭ সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর দেশ বিভাজনের সময়ই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী আর দক্ষিণ সুনামগঞ্জের কান্দাগাঁও গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রথম থেকেই দুই গ্রামের মানুষের মধ্যে নাম নিয়ে জটিলতা দেখা দিলে রুপাবালী গ্রামের ভুমি দাতা আ.রাজ্জাক তৎকালীন সময়ে পাকিস্তানের তথা কথিত লৌহ মানবকে খুশী করতে তার নামে বিদ্যালয়ের নাম রাখেন জিন্নাহ মেমোরিয়েল প্রাথমিক বিদ্যালয়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর সরকারি প্রতিষ্ঠান থেকে জিন্না’র নাম মুছার এক দফা উদ্যোগ গ্রহণ নিয়েছিলেন এলাকার কয়েক জন মুক্তিযোদ্ধা। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আর বাস্তবে রুপ নেয় নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় তরুণ প্রজন্ম বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলে প্রশাসনের নজর কাড়ে।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা      শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টির সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য লিখিত দেন। এর পর থেকে সরকারের বিভিন্ন দায়িত্বশীল তদন্ত সংস্থাও সরেজমিনে পরিদর্শন করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও নাম পরিবর্তন হচ্ছে না।
জিন্নাহ মেমোরিয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান ব্রত তালুকদার বলেন,‘ আমি ২০০৫ সাল থেকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি প্রথম থেকেই চেয়েছি যেন নামটির পরিবর্তন হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় তথ্য চেয়েছেন, তাও দিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা গায়েন্দা সংস্থা (এনএসআই)ও তদন্ত করেছে তার পরও কোন কিছু হয় নি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ. আজিজ বলেন,‘পাকিস্তানের নেতা জিন্নাহর নামে এখনো স্বাধীন দেশের একটি স্কুলের নাম হতে পারে না। আমরা চাই দ্রুত বিদ্যালয়ের নাম পরিবর্তন। ’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া বলেন, ‘পাকিস্তানের নেতা জিন্নাহর নামে বিদ্যালয়টির ব্যাপারে আমি স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। এর পর পরই আমি তদন্ত প্রতিবেদন জেলায় পাঠিয়েছি।’
জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী বলেন, ‘বিষয়টি আমার দৃষ্টি গোচর হলে আমি এ বিষয়ে তদন্ত করেছি। প্রতিবেদনটি দ্রুত পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা  হচ্ছে।’
প্রাথমিক বিদ্যালয়ের সিলেট বিভাগের উপ-পরিচালক (ডিডি) তাহমিনা হক বলেন,‘সুনামগঞ্জের জামালগঞ্জে জিন্নাহ মেমোরিয়েল বিদ্যালয়ের এই বিষয়টি আমার জানা নেই, এই ধরণের কোন ফাইলও পাই নি। বিষয়টির ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।