স্বামীর খুনী স্ত্রী গ্রেপ্তার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে এক দিনমজুর স্বামী খুনের ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামে শয়নকক্ষে রক্তাক্ত স্বামীর লাশ রেখে পালিয়ে যাওয়া দ্বিতীয় স্ত্রী রেনু বেগম (৩০) কে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় নিহত আলেক মিয়ার মেয়ে নাছিমা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় রেনু বেগম কে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায় নিহতের প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর কোন সন্তান নেই। তিনি থাকতেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। শুক্রবার রাত ১০ টা থেকে শনিবার সকাল ১০ টার মধ্যে কোন এক সময় তিনি খুন হয়েছেন। আলেখ মিয়ার মাথায় আঘাত রয়েছে। দ্বিতীয় স্ত্রী পালিয়েছে। দ্বিতীয় স্ত্রী’র রেনু বেগম (৩০) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আরমান মিয়ার মেয়ে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী কে হত্যার কথা স্বীকার করেছে। আমরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহণের জন্য পাঠিয়েছি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মুসলেহ উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড হয়েছে। নিহতআলেক মিয়ার মেয়ে নাছিমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।