স্টাফ রিপোর্টার
দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে প্রায় পাঁচ মাস পর আবার বিধিনিষেধ জারি করেছে সরকার। করোনার উর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারের জারি করা ১১ দফা বিধিনিষেধ গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। আর গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত শনিবার থেকে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাইকে এসব বিধিনিষেধ বাধ্যতামূলকভাবে মানতে হবে। তবে বিধিনিষেধ আরোপ করার পরেও পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আসছে না। গণপরিবহন, বাজার, রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। স্বাস্থ্যবিধি মানায় আগ্রহও নেই।
জনসমাগম এড়িয়ে চলা, বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ থাকলেও সুনামগঞ্জের অধিকাংশ স্থানে এই নিয়ম বিধিনিষেধকে উপেক্ষা করেই চলছে অবাধ চলাচল। সরেজমিনে শহরের নতুন ও পুরাতন বাসস্ট্যান্ডে, আলফাত স্কয়ার, মাছ বাজার, সবজি বাজার, মধ্যবাজার, পশ্চিমবাজার সহ অধিকাংশ স্থানে জনসমাগম ও ভিড় লক্ষ করা গেছে। মাস্ক পড়ার ব্যাপারেও অনেকের অনাগ্রহ লক্ষ করা গেছে।
সিএনজি চালক পৌর শহরের বাসিন্দা ভজন পাল (৩৫) বলেন , গ্যাসের দাম কমছে না। জীবিকার তাগিদে সিএনজি চালাই, গাড়িতে অর্ধেক যাত্রী নিলে গ্যাসের দাম উঠবে না। যাত্রীরাও বাড়তি ভাড়া দিবে না। সরকার যদি গ্যাসের দান কমিয়ে দেন তাহলে অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চালানো সম্ভব।
রিক্সা চালাক রাসেল (২০) জানালেন, নতুন করে বিধিনিষেধ সম্পর্কে জানা নেই তার। তবে অধিকাংশ যাত্রী মাস্ক ছাড়াই রিক্সায় উঠছেন।
বেতগঞ্জের যাত্রী মজিবুর রহমান নাহিদ (২৫) বলেন, সুস্থ থাকার জন্য বাড়তি ভাড়া দিতে রাজি আছি, তবে বেশি ভাড়া বাড়ানো হলে আমার মতো সাধারণ যাত্রীদের চলাচল অসম্ভব হয়ে যাবে। অনেক যাত্রী মুখে মাস্ক দিয়ে গাড়িতে আছে কিন্তু সবাই সমানভাবে সচেতন হলে কিছুটা রোধ করা সম্ভব।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম) বলেন, জনসাধারনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সোমবার থেকে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। মঙ্গলবারও প্রচারণা চালিয়েছি আমরা। জনসাধারণকে বলেছি, সংক্রমণ থেকে দূরে থাকতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম বললেন, সরকারের বিধিনিষেধ না মানলে করোনা ভাইরাসের সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাবে। তাই সকলকে ভিড় ও জনসমাগম এড়িয়ে চলতে হবে, মাস্ক পড়তে হবে। নইলে সংক্রমণের হার বৃদ্ধি পাবে। যারা এখনও ভ্যাকসিন নেন নি তাদের ভ্যাকসিন গ্রহণ করতে হবে।


