স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর-বালাকান্দা ভাঙা সড়কের একাংশ স্থানীয় যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। স্থানীয় মানুষ ও যানবাহন চলাচলে অসুবিধা হওয়ায় বুধবার দুপুরে একদল যুবক এই সড়ক মেরামত করেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, স্থানীয় ইউপি সদস্যকে এই সড়কের ভাঙন মেরামতের জন্য বার বার তাগিদ দেয়া হয়েছে। কিন্তু ইউপি সদস্য মানুষের ভোগান্তি নিরসনে কোন উদ্যোগ নেননি। এরই প্রেক্ষিতে স্থানীয় যুব সমাজ ভাঙা সড়কের মেঝেতে বালুর বস্তা ফেলে মেরামত কাজ করেন।
সড়কের মেরামত কাজে যুক্ত রাজু আহমেদ, মিজান মিয়া, সামছুল ইসলাম, আব্দুল মন্নান বলেন, ভাঙা সড়ক মেরামতের জন্য কয়েক বার ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য আনসার আলীকে জানানো হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। মানুষের ভোগান্তি দেখে এখন আমরা কয়েকজন মিলে ভাঙা সড়কের মেরামত কাজ করেছি।
ইউপি সদস্য আনসার আলী বলেন, সৈয়দপুর-বালাকান্দা সড়কের একাংশ ভেঙে যাওয়ায় কাদা জমে থাকে। এই স্থানটুকু মেরামতের বরাদ্দ না আসায় কাজ করে দিতে পারি নাই। শুকনা মওসুমে বরাদ্দ আসলে মেরামত কাজের ব্যবস্থা করবো।
সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ৪ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল অবস্থা। সৈয়দপুর সড়কের ভাঙা একাংশে স্থানীয় যুবকেরা স্বেচ্ছাশ্রমে কাজ করেছে। বিভিন্ন স্থানের কাচা রাস্তার মাটি বৃষ্টির পানিতে গলে ধুয়ে গেছে। ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানের কাচা রাস্তা পাকাকরণ করা উচিৎ।


