পুলক রাজ
পথচারী, বৃদ্ধ, শিশু, নারী, প্রতিবন্ধী, রোগী ও মালামাল বহনকারীদের সুবিধার জন্যই জেব্রা ক্রসিং তৈরি করা হয়। নিরাপদ সড়ক আন্দোলনের পর শহরের জেব্রা ক্রসিংগুলো নতুন করে রং করা হয়েছিল। অনেক সড়কে নতুন করে পথচারীদের নিরাপদে সড়ক পার হওয়ার জন্য কালো পিচের ওপর সাদা দাগ কেটে জেব্রা ক্রসিং করা হয়। কিন্তু পরিচর্যার অভাবে পৌর শহরের সব কয়টি জেব্রা ক্রসিংয়ের দাগ উঠে গেছে। এতে পথচারীদের সড়ক পারাপারে সমস্যা হচ্ছে। বেড়েছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।
সরেজমিনে দেখা যায়, পৌরশহরের ইকবাল নগর, ওয়েজখালী, মল্লিকপুর, পুরাতন বাস স্ট্যান্ড সহ বিভিন্ন সড়কে জেব্রা ক্রসিং ছিল। কিন্তু জেব্রা ক্রসিং মুছে যাওয়ায় পথচারীদের ঝুঁকি নিয়েই সড়ক পারাপার করতে হচ্ছে।
লেগুনা চালক মো. সোহেল আহমদ বলেন, জেব্রা ক্রসিংয়ের দাগ সব কয়টা উঠে গিয়েছে। এ কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশীই থাকে।
সিএনজি চালক মো. মোস্তাফিজ মিয়া বলেন, নতুন কোর্ট, বিডিআর ক্যাম্প, জেলা পরিষদের সামনের সড়ক মুখ, ইকবাল নগর এসব এলাকায় সড়ক দুর্ঘটনা হয় বেশী। অতীতে সড়ক দুর্ঘটনায় মানুষও মারা গেছে। প্রতিটা স্প্রিড ব্রেকারে ছিলো জেব্রা ক্রসিং, কিন্তু সব কয়টা জেব্রা ক্রসিং মুছে যাওয়ায় আতংক বেড়ে গেছে।
অটো রিকাশা চালক বলেন, অনেকেই জেব্রা ক্রসিং ব্যবহার করতে জানে না। ফলে সমস্যা হয়, সড়কে জ্যাম লেগে থাকে। জেব্রা ক্রসিং দিয়ে পথচারী ও গাড়ী একই সঙ্গে অতিক্রম করতেও দেখা যায়। আমাদের মতো চালকদের প্রতিনিয়ত সমস্যা হয়। তবে জেব্রা ক্রসিং মুছে যাওয়ায় এখন মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছে।
সড়ক ও জনপথ উপ বিভাগীয় প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, জেব্রা ক্রসিংয়ের দাগ উঠে গেলে মানুষের সমস্যা হবে। আমাদের নজরে আছে, পেইন্ট চলে আসলে অবশ্যই দ্রুত কাজ শুরু করে দেবো।


