সড়ক কেড়ে নিল লোকজ সংগীতের পণ্ডিত কালিকা প্রসাদের প্রাণ

সু.খবর ডেস্ক
দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দোহারের গায়ক কালিকাপ্রসাদ (৪৭)। পুলিশ সূত্রে খবর, হুগলির গুড়াপের কাছে এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মঙ্গলবার সকালে গাড়িতে চড়ে কলকাতা থেকে সিউড়িতে অনুষ্ঠানের জন্য যাচ্ছিলেন তিনি। সকাল ১০টা নাগাদ হুগলির গুরাপে ২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনাটি ঘটে। প্রচ- গতিতে ছুটে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তা উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন কালিকাপ্রসাদ-সহ ৬ জন। গুরুতর চোট পান তিনি। জখম হন তাঁর আরও পাঁচ সঙ্গী নীলাদ্রি রায়, অর্ণব রায়, সন্দীপন পাল, সুদীপ্ত চক্রবর্তী ও রাজীব দাস। স্থানীয়দের সাহায্যে আহতদের বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কালিকাপ্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
imageএদিকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পরে কালিকাপ্রসাদের   
দেহ দক্ষিণ কলকাতার সন্তোষপুরের বাড়িতে। সেখানে প্রতিবেশী ও বন্ধুরা কালিকাপ্রসাদকে শেষ শ্রদ্ধা জানান। বিকেল সাড়ে চারটে নাগাদ কালিকাপ্রসাদের দেহ নিয়ে আসা হয় রবীন্দ্র্র সদনে। সেখানে পূর্ণদাস বাউল, হৈমন্তী শুক্লা, ইন্দ্রানী সেন, ঊষা উত্থুপ, লোপামুদ্রা, শ্রীজাত, শ্রীকান্ত আচার্য, মেয়র শোভন চট্টোপাধ্যায়, তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ সাংস্কৃতিক ও রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা শেষ বারের জন্য কালিকাপ্রসাদকে শ্রদ্ধা জানান। এছাড়াও দোহারের অগণিত ভক্ত শেষবারের মতো কালিকাকে দেখতে রবীন্দ্র সদন-নন্দন চত্বরে ভিড় জমান। ছ’টা রবীন্দ্র সদনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানানোর পরই কেওড়াতলা শশ্মানের উদ্দেশে রওনা হয়ে যায় শববাহী গাড়ি। রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে কালিকাপ্রসাদের শেষকৃত্য সম্পন্ন হয়।