আকরাম উদ্দিন
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহীমপুর-সৈয়দপুর সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়কের প্রায় ৫ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে ঢালাই ভেঙ্গে সিমেন্ট, বালু-পাথর ও রড বেরিয়ে চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। যেকোনো সময় সড়কে দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
ইব্রাহীমপুর থেকে শুরু হওয়া সড়কের অক্ষয়নগর ও মুসলিমপুর গ্রামের নিকটতম এলাকায় বিভিন্ন স্থানে সড়কের পাকা ঢালাই ভেঙ্গে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। একাধিক স্থানে বেরিয়েছে বড় বড় রড়। মোটরসাইকেল বা পথচারীদের চলাচলে সামান্য অসতর্কতায় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
মুসলিমপুর গ্রামের সংযোগ সেতু থেকে অক্ষয়নগর গ্রামের সংযোগ সেতু পর্যন্ত সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে।
জনবসতিপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় ৪ বছর আগে পাকাকরণ হয়েছিল। ওই সময় সড়কে নিম্নমানের কাজ হয়েছিল বলে জানান এলাকাবাসী। এ কারণে পাকাকরণের সপ্তাহখানেক পর সড়কের মেঝে একাধিক ফাটল দেখা দেয়। তখন থেকেই সড়কে ভাঙন শুরু হয়। বর্তমানে এই সড়ক দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ইব্রাহীমপুর-সৈয়দপুর সড়ক দিয়ে প্রতিদিন শহরে আসা-যাওয়া করেন স্কুল, কলেজ এবং মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং নানা শ্রেণী পেশার হাজার হাজার লোক। প্রায় ২২ গ্রামের লোক এই সড়ক দৈনন্দিন ব্যবহার করে আসছেন। জরুরি ভিত্তিতে এই সড়ক সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
সৈয়দপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ শহরে আসা-যাওয়া করেন। ভাঙা-চুরা সড়কে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্খা থাকে’।
একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নাদীর শাহ বলেন, ‘গত চার বছর আগে এই সড়কের পাকাকরণের কাজ হয়েছিল। পাকাকরণের শুরু থেকেই সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। পর্যায়ক্রমে সড়কের ঢালাই ভেঙে এখন রড বেরিয়েছে।’
ফজর আলী বলেন, ‘সড়কের কয়েকটি স্থান মারাত্মকভাবে ভেঙেছে। এই ভাঙনের কারণে সড়কে যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘গত বছর পানি ওঠে এই সড়ক ভেঙেছে। এটি নতুন করে করার জন্য এলজিইডি’র সদর দপ্তরে প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে’।


