সড়ক বিভাগের কাজে ইনভেশন প্রযুক্ত হোক

সড়কের কিনারে মাটি না থাকায় মঙ্গলবার সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলাবাজার এলাকায় একটি বাস উল্টে পড়েছে। অন্য একটি বাসকে সাইড দিতে যেয়ে গাড়ির চাকা সড়কের কিনারে চলে যায় কিন্তু কিনারায় প্রয়োজনমত মাটি না থাকায় বাসটি উল্টে পড়ে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সিলেট-সুনামগঞ্জ সড়কের নানা স্থানে বিশেষ করে সুনামগঞ্জ থেকে পাগলা পর্যন্ত অংশে সড়কের কিনারে মাটি না থাকার কারণে যানবাহন চলাচলের ঝুঁকি নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরে একাধিক সংবাদ প্রতিবেদন প্রকাশিত হলেও বিদ্যমান গুরুতর সমস্যাটির সমাধানে এখন পর্যন্ত কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয় নি। এই সড়কটিতে ক্রমশ যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জ জেলা সদর থেকে নির্গমনের একমাত্র সড়ক হওয়ার কারণে এই সড়ক খুবই গুরুত্বপূর্ণ। সিলেট-সুনামগঞ্জ সড়কে পুরানো ও জরাজীর্ণ অনেকগুলো সেতু নতুন করে নির্মাণ করার পরও শুধুমাত্র স্থানে স্থানে সড়কের অপ্রশস্ততা ও সড়কের কিনারে মাটি না থাকার জন্য সড়কটি উপযুক্ত পরিবহন সেবা দিতে সক্ষম হচ্ছে না। যানবাহনগুলো দ্রুত গতিতে চলতে পারে না এই সড়কে। ফলে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের সময়ের অপচয় ঘটছে প্রচুর। সড়কের এই নেতিবাচক দিকটিকে অজুহাত হিসাবে দাঁড় করিয়ে এই রাস্তার সিলেট পর্যন্ত যেসব বাস চলাচল করে সেগুলোর মালিকরা নিজেদের যানবাহনের মান উন্নয়ন ঘটাচ্ছেন না। সুনামগঞ্জ থেকে গণপরিবহনে সিলেট যাওয়া মানে দুর্ভোগের চরম। অন্য কোন বিকল্প না থাকায় মানুষ এই অসহনীয় দুর্ভোগ সহ্য করেই সিলেট পর্যন্ত যাতায়াত করে থাকেন।
সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রশস্ততা বাড়ানোর জন্য একটি প্রকল্প এখন টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। টেন্ডারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কবলে পড়ায় কাজ শুরু হতে দেরি হচ্ছে। সড়কের কিনারে মাটি ফেলা ও দেবে যাওয়া মাটির স্থলে আবারও নতুন মাটি ফেলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। একবার করলেই এটি শেষ হয়ে যায় না। রাস্তার মাটি দেবে যাবে, ভেঙ্গে যাবে আবার ওই জায়গা মেরামত করতে হবে, এটি নৈমিত্তিক বিষয়বস্তু। এজন্য বিশেষ প্রকল্প গ্রহণের পরিবর্তে বছরব্যাপী যাতে অনুরূপ কর্মকা- চলতে পারে সে ধরনের ব্যবস্থা রাখা উচিৎ বলেই আমরা মনে করি। এ ধরনের মাটির কাজ আমাদের প্রচলিত কর্মসৃজন, কাবিখা, কাবিটা প্রভৃতি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত হতে পারে। সরকার উদ্যোগ নিলে এটি শুরু করা কঠিন কোন কাজ নয়। শেষ অর্থে নানা দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত কাজ সরকারেরই কাজ বটে। সুতরাং কর্মসৃজন, কাবিটা, কাবিখা ইত্যাদির কাজ সড়ক বিভাগ বাস্তবায়ন করতে পারবে না এমন কোন বাধা নিষেধ যুক্তির নিরিখে আদৌ কাম্য নয়। বাস্তবত বিধিসংগত কারণে যদি এখানে কোন ধরনের সংশোধন বা পরিবর্তন-পরিবর্ধনের প্রয়োজন হয় তাহলে আন্ত-মন্ত্রণালয় উদ্যোগের মধ্য দিয়ে এর সমাধান কঠিন নয়। বিষয়টি সরকার ভেবে দেখতে পারেন।
সিলেট-সুনামগঞ্জ সড়কটিকে পরিবহনবান্ধব হিসেবে গড়ে তোলা জেলাবাসীর একান্ত আকাক্সক্ষা। জড়িত সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, পরিবহন ব্যবসায়ী সকলের ঐকান্তিক ইচ্ছা থাকলে ওই আকাক্সক্ষা পূরণ সহজ কাজ বলেই আমরা মনে করি। জটিল বিষয়কে সহজ করার নাম সৃজণশীলতা। ইদানিং প্রশাসনে ইনভেশন নামক একটি শব্দের উপর খুব জোর দেয়া হচ্ছে। ইনভেশন মানেই নতুন উপায় উদ্ভাবন। প্রশাসনে এটি প্রযুক্ত হয় এই অর্থে, সেবার মান সহজিকরণ, সম্প্রসারণ ও বাস্তবায়ন। আমরা চাচ্ছি সড়ক বিভাগ এই ইনভেশনের অন্তর্নিহিত উদ্দেশ্য বাস্তবায়ন করুন। সড়কের কিনারে মাটি ভরাট থেকেই না হয় শুরু হোক এই প্রয়াস।