সড়ক সংস্কার/নির্মাণে এত উচ্চ মূল্য কেন?

গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে জেলার পাঁচটি সড়ক ও ব্রিজ সম্পর্কিত খবর ছাপা হয়েছে। যার মধ্যে যাদুকাটা নদীর উপর রাজারগাঁও অংশে দেড় শ’ কোটি টাকা ব্যয়ে আধুনিক ও সুপ্রশস্ত ব্রিজটি নিয়ে উচ্চাশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তাদের ধারণা এই সেতুর মাধ্যমে তাহিরপুরকেন্দ্রীক পর্যটন শিল্প বিকশিত হবে এবং হিন্দু ধর্মাবলম্বীদের পণতীর্থ ও মুসলমান ধর্মাবলম্বীদের শাহ আরেফিন (র.) মোকামে আরও বেশি পূন্যার্থী সমাগম ঘটবে। তবে একটি সেতু নির্মাণে এত অধিক ব্যয় হওয়ার হেতু কি সে বিষয়ে কোন ব্যাখ্যা জানার আপাতত কোন অবকাশ নেই। যেমন অবকাশ নেই ১১ কোটি টাকা ব্যয়ে মদনপুর-দিরাই সড়কের ১০ কিলোমিটার সড়ক সংস্কার কাজে ঠিকাদার কর্তৃক নি¤œমানের বিটুমিন ব্যবহারের বিষয়ে। তদ্রুপ কোন ব্যাখ্যা পাওয়া যাবে না জগন্নাথপুরের ভবেরবাজার নয়াবন্দর-গোয়ালাবাজার ১১ কিলোমিটার অংশের ৪ কোটি ২০ লাখ টাকার সড়ক সংস্কার কাজটি কেন ঠিকাদার ঝুলিয়ে রেখেছেন তার। জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের কিছু জায়গার বেহাল অবস্থা নিয়ে এখনও কোনও প্রাক্কলন তৈরি বা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে ওই জায়গার দুর্ভোগ যন্ত্রণাই সংবাদের উপজীব্য হয়েছে যেমন হয়েছে ধর্মপাশার কংস নদীর ব্রিজ বা ধর্মপাশা বাজারের যত্রতত্র যানবাহনের স্ট্যান্ড বানানোয় জনদুর্ভোগ বেড়ে যাওয়ার বিষয়টি।
বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে সড়ক বা ব্রিজ ওভারব্রিজ নির্মাণে বাংলাদেশে সর্বাধিক ব্যয় হয়ে থাকে। এখানে কাজের প্রকৃত খরচ কত আর ঠিকাদারি প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করার কারণে অতিরিক্ত কত টাকা প্রাক্কলনে অন্তর্ভূক্ত থাকে সেই হিসাব কেউ কখনও উদঘাটন করতে পারেন না। তবে ব্যক্তিগতভাবে যারা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে থাকেন তাদের অভিমত হলো ঠিকাদারী কাজের অর্ধেক টাকা পেলেই তারা অনুরূপ কাজ করে দিতে পারেন। সাধারণভাবেও বাংলাদেশে সড়ক নির্মূাণ অথবা সংস্কার কাজে ব্যয়াধিক্যের বিষয়টি নজরে পড়ে। এই যে সরকারি অর্থের অপচয় হচ্ছে তাতে কি দেশটির সম্পদের অপচয় হচ্ছে না? কে কাকে এই প্রশ্ন করবে জানি না। তবে এই ধরনের প্রশ্ন উত্থাপিত না হলে যে দেশটির প্রকৃত উন্নয়ন সর্বদাই বিলম্বিত ও বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয়  এবং একটি শ্রেণি কলাগাছের মতো ফুলে ফেঁপে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।
এত বেশি ব্যয় ধরার পরও যখন কোন সড়কে-ব্রিজে ঠিকাদাররা কাজ করতে  গড়িমসি করেন বা সময়মত কাজটি শেষ করেন না অথবা কাজে নি¤œমানের দ্রব্যাদি ব্যবহার করেন তখন আসলে বলার আর কিছুই থাকে না। অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হওয়ার মতো অবস্থা হয় তখন। দিরাই-মদনপুর রাস্তায় নাকি পেট্রোলিয়াম কর্পোরেশনের বিটুমিন ব্যবহার না করে কমদামি বিদেশি বিটুমিন ব্যবহার করা হচ্ছে। জগন্নাথপুরের বর্ণিত সড়কটির সংস্কারের মূল মেয়াদ বহু আগে উত্তীর্ণ হয়েছে। ঠিকাদার আদালতে যেয়ে মেয়াদ বাড়িয়েছেন। আদালতের মেয়াদও শেষ হয়েছে তারপরেও সড়ক সংস্কার শেষ হয় নি। এমন অদ্ভুত বাস্তবতা বোধ করি বাংলাদেশেই সম্ভব। বলা হয়ে থাকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদাররা নাকি অসম্ভব ক্ষমতাধর। তারা স্থানীয় প্রকৌশলী-কর্মকর্তাদের নাকি থোরাই কেয়ার করেন। তাদের হাত অনেক লম্বা। এই লম্বা হাতের সাহায্যে তারা দিনকে রাত আর রাতকে দিন করলেও কারও বলার কিছু থাকে না। সম্প্রতি সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণে নিয়োজিত ঠিকাদারদের এমন লম্বা হাতকে দুদক ধরে ফেলেছে। অন্তত ৪৬ ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অনুরূপ ব্যবস্থা সড়ক বিভাগীয় প্রকৌশলীদের ক্ষেত্রেও প্রয়োগ ঘটানো এখন সময়ের দাবি মাত্র।