এনামুল হক এনি, ধর্মপাশা
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য মঞ্চের ওপর টানানো হয়েছে সামিয়ানা। মেঘলা আকাশের নিচে শুরু হলো অনুষ্ঠান। মঞ্চের সামনে দর্শকদের বসার জায়গায় সামিয়ানার ব্যবস্থা না করায় তাঁদের মাথার ওপরে খোলা আকাশ। অনুষ্ঠানের শেষ বক্তা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন। এমন সময় আকাশ মেঘমুক্ত হয়ে প্রখর রোদ উঠলো। কিছুক্ষণ যেতে না যেতেই প্রচন্ড গরমে মঞ্চের সামনের দর্শকেরা হঠাৎ করে যারা যার সাথে আনা ছাতা মেলে নিজ নিজ মাথায় ওপরে ধরলো। গরমে দর্শকদের মধ্যে অস্থির ভাব চলে এলো। বক্তা বিষয়টি বুঝতে পারলেন এবং তিনি কয়েক মিনিট বক্তব্য দিয়ে বিদায় নিবেন বলে আশ্বাস দিলে সবাই শান্ত হয়ে বসেন।
শনিবার বেলা সাড়ে বারটার দিকে ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন বক্তব্য দেওয়ার সময় এমনটি ঘটে। তিনি যখন বক্তব্য শুরু করেন তখন আকাশের মেঘ কেটে গিয়ে হঠাৎ করে রোদ ওঠায় মঞ্চের সামনে বসে থাকা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানান শ্রেণি পেশার মানুষ হঠাৎ করে ছাতা মেলে নিজ নিজ মাথায় ধরেন। এ সময় রোদের তাপে অনেকেই মঞ্চের সামনে থেকে ওঠে যেতে চাইলেও বিদ্যালয়ের শিক্ষকদের কথায় কোনো শিক্ষার্থীই ওঠে যেতে পারেনি।
পরে এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই সবাই ঝটপট মঞ্চের সামনে থেকে ওঠে ছায়ায় চলে যান। ফলে অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলসান আরা পারভীন তাঁর সমাপনী বক্তব্য দিতে না পেরে মাইকে শুধুমাত্র ‘অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো’ বলে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।


