হতাশ, ক্ষুব্ধ বিএনপি

সু.খবর ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত যে ছয় সদস্যের নাম শোনা যাচ্ছে, তা শুনে হতাশ ও ক্ষুব্ধ বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,’ক্ষমতাসীন আওয়ামী লীগের পছন্দের লোক দিয়ে সার্চ কমিটি গঠন করে জাতিকে আবারও হতাশা ও অনিশ্চয়তার দিয়ে ঢেলে দেওয়া হয়েছে।’ বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির এ নেতা।
‘বহুদলীয় গণতন্ত্র-শহীদ জিয়া: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতির সাথে সংলাপে বিএনপি আশার আলো দেখেছিল। কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে। চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে সার্চ কমিটি গঠন       
করা হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের পছন্দের কমিটি।’
নতুন নির্বাচন কমিশন গঠন করতে ছয় সদস্যের সার্চ কমিটির নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন, ছয় সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি সারসংক্ষেপ আকারে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সেটি আবার রাষ্ট্রপতির কছে যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।