ডা. মুরশেদ আলম
লাল সবুজের চাদরে মোরা
মহান বিজয় দিবস ওদের হলো না দেখা,
বড় সাধ ছিল সুদিন আসবে একদিন
অন্ধকার কেটে পূব আকাশে আলোর ছটা ফুটে উঠবে একদিন।
পরাধীনতার চাকায় পিষ্ট মানুষগুলো
শৃঙ্খল ভেঙ্গে-প্রাণভরে আবার নিঃশ্বাস নিবে স্বাধীনতার খোলা প্রান্তরে।
বাধাহীন কথা বলবে, গান গাইবে
বিজয়গাঁথা আবৃত্তি করবে কবিতার আসরে।
হৃদয়ের প্রতিটি কোঠর ভরে উঠবে
মায়ায় মায়ায় প্রেমের ফল্গুধারায় ।
লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে-
এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা
পিতৃহারা মাতৃহারা অবুঝ শিশুর কান্নার বিনিময়ে পাওয়া
গৌরবের ‘মহান বিজয়’ যেন আজো অধরা, যেন বহুদূর
স্বাধীনতার সূর্যটা যেন আজো মলিন ।
মানুষের অধিকার আদায়ে যুদ্ধে গিয়েছিল
অকুতোভয় মুক্তিযোদ্ধারা
তালেবও ছিল তাদেরই একজন
সে যুদ্ধে ছিল আমারই অগণিত ভাই বীর মুক্তিযোদ্ধা।
আফসোস বিজয়ের আগেই ওরা হলো শহীদ
বড় জানতে ইচ্ছে করে-
বিজয়ের রক্তরাঙা সূর্যটা কি তাঁরা দেখতে পেয়েছিল ?
প্রভাতি সূর্যের আলো ওদের মুমূর্ষু শরীরে
ক্ষতবিক্ষত হৃদয়ে কি একটুখানি বিজয়ের পরশ দিতে পেরেছিল ?
দৃষ্টির সম্মুখে বিজয় তবুও যেন লক্ষ যোজন দূরে
আলোকিত বিজয় তবুও যেন নিষ্প্রভ-মলিন
ওদের চোখগুলো বিষ্ফোরিত, হলো না দেখা
লাল সবুজের এই মহান বিজয় দিবস
আকাশে উড্ডীন স্বাধীনতার পতাকা।


