হাওররক্ষা বাঁধ নির্মাণে সকলের নজরদারি প্রয়োজন -জেলা প্রশাসক

শাল্লা প্রতিনিধি
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘আমরা কারো সাহায্য নিতে চাই নাই। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু প্রকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কারণে আজ আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। তাই আগামীতে হাওররক্ষা বাঁধ নির্মাণে সকলের অংশগ্রহণ, নজরদারি প্রয়োজন। যাতে আর হাওর বিপর্যয়ের ঘটনা না ঘটে। আর এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’ শুক্রবার শাহেদ আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে নিউ ক্যাসেল বাংলাদেশী এসোসিয়েশন ইউকে আয়োজিত হাওর বিপর্যয় ও বন্যায় ক্ষতিগ্রস্ত শাল্লা উপজেলায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহতাব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বিভিন্ন ইউনিয়নের ৭০০ পরিবারের মধ্যে ২ হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দেন।
শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু’র পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: মাছুম বিল্লাহ, সংঠনের সহ সভাপতি সুফি আহমদ, বাংলাদেশ ডাচ চেম্বার অব কমার্সের সভাপতি ফারুক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি হিজকিল গুলজার, শাল্লা উপজেলার জগদল ইউপি চেয়ারম্যান শিবলি আহমেদ বেগ, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যাম সাত্তার মিয়া ও আব্দুস সালাম।
অর্থ সহায়তা   
বিতরণের পর স্কাউটিংয়ে কৃতিত্ব প্রদর্শনকারী উপজেলায় ৮জনকে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এদিকে এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে উপজেলা গণমিলনায়তনে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ৩০০ জনকে শুকনো খাবার বিতরণ করেন।