৮ জুন তারিখটি ক্যালেন্ডারের পাতায় একটি স্বাভাবিক তারিখ হলেও ধর্মপাশা উপজেলার জন্য একটি অস্বাভাবিক ও বেদনাময় দিন ছিল। ২০১০ সালের এ দিনে উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরের মধ্যবর্তী স্থানে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলার ডুবিতে ১৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৩ জন, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী এবং পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের ৩ জন মহিলা ও ৫ জন শিশুর প্রাণহানী ঘটেছিল। নিহত শিক্ষার্থীদের বাড়িও বালিজুড়ি গ্রামে।
ঘটনার দিন ট্রলারে থাকা যে সকল যাত্রীরা প্রাণে বেঁচে ছিলেন সেই ঘটনা মনে হলে আজো তাঁেদর গা ভয়ে শিউরে ওঠে। ইতোমধ্যে এ দূর্ঘটনার ছয়টি বছর পেরিয়ে গেছে। কালের বিবর্তনে আরো বছরের পর চলে যাবে। একদিন হয়ত এ ঘটনা আর কেউ মনে নাও করতে পারে। তবে যেহেতু এ দিনটিতে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলে নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সেহেতু ধরে নেওয়া যেতে পারে খুব সহজে এ দিনটি মানুষের মাঝে বহু বছর বেঁচে থাকবে। নিহতদের পরিবারেও হয়ত এ দিনটি বিশেষ গুরুত্বের সাথে মনে থাকবে। বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে ওই বিদ্যালয়ের নিহত শিক্ষার্থীদের ছবি সাঁটিয়ে রাখা হয়েছে। সবকিছু বুঝার ক্ষমতা মানুষের নেই। তাই ফ্রেমে বন্দী এই ছবিগুলোর ভাষা আমরা বুঝতে পারবো না!
এখনো বালিজুড়ি থেকে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য শুকনো মৌসুমে পায়ে হেঁটে আর বর্ষায় হাওর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসে। এত বড় একটি দূর্ঘটনা ঘটার পরেও এখন পর্যন্ত বর্ষাকালে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘেœ যাতায়াতের জন্য বিশেষ কোনো ব্যবস্থা চালু করা হয়নি। শুধু চালু করা হয়নি বললে ভুল হবে। বলতে হবে আমাদের নীতি নির্ধারকেরা হয়ত এ নিয়ে একবারও ভেবে দেখেননি।
যখন কোনো দূর্ঘটনা ঘটে তখন আমরা শুধু আফসোস করি। কিন্তু পরবর্তীতে এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে বা সমস্যা নিরসনে কোনো কার্যকরি পদক্ষেপ গ্রহণ করি না।
আমরা যারা আমজনতা তারা যদি এ নিয়ে কথা বলি তাহলে আমাদেরকে সমাজের নীতি নির্ধারকেরা ‘আদার বেপারীর জাহাজের খবর নিয়ে লাভ কি’ বলে মশকরা করতে শুরু করবেন। আমরা অনেকেই কাজের কাজ কিছু করতে পারি বা না পারি মশকরাটা ভাল করে করতে পারি!
২০১৪ সালের ১৫ এপ্রিল দুপুরে উপজেলার বৌলাই (সুরমা) নদীতে গোলকপুর খেয়া ঘাটে নৌকা ডুবির ঘটনা ঘটলেও স্থানীয় লোকজন গোলকপুর হাজ্বী আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছিল। এ সকল শিক্ষার্থীদের মত ওই অঞ্চলের শতশত শিক্ষার্থী প্রতিদিন নদী পারি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে জীবনের ঝুঁকি নিয়ে।
শুধু বালিজুড়ি বা গোলকপুর ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীরা নয় বরং উপজেলার হাওর পাড়ের সকল শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে।
কখনো কখনো শিক্ষার্থীরা এলাকার অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে একটি বড় নৌকা ভাড়া করে বর্ষাকালে বিদ্যালয়ে আসা যাওয়া করে। তবে সকল শিক্ষার্থীই যে এ সুবিধা ভোগ করতে পারে তা নয়। দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা অর্থাভাবে এ সুবিধা থেকে বঞ্চিত হয়। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের বিন্দুমাত্র নমুনা তুলে ধরলাম কিন্তু বাস্তব চিত্র যে কত কঠিন তা স্বচক্ষে না দেখলে বুঝা যাবে না। যেখানে প্রতিদিনই শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে পৌঁছাতে হয় জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ক’জন অভিভাবকই তাঁদের বুক খালি করার দুঃস্বপ্ন দেখতে পারেন? একজন অভিভাবকও সেই দুঃস্বপ্ন দেখতে রাজি নন।
হাওর পাড়ের মানুষের প্রধান জীবিকা কৃষি। বোরো ফসল ঘরে তোলার পর হাওরাঞ্চলের মানুষজন বিভিন্ন হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এ সময় অনেক শিক্ষার্থীরাই পরিবারের লোকজনের সাথে হাওরে মাছ ধরার কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। বর্ষাকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকে।
কোনো কোনো শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের ম্যানেজ করে স্থানীয় ৮ম/৯ম শ্রেণি পাস করা যে কোনো একজন ছেলে বা মেয়েকে টাকার বিনিময়ে পাঠদানের জন্য নিয়োগ দেন। এ ক্ষেত্রে মাসের পর মাস ওই ফাঁকিবাজ শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি অজানাই থেকে যায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরকে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করা উচিত হলেও তাঁরা লোকবল সংকটের অজুহাত দেখিয়ে দেন।
বছরের অন্যান্য সময়ে হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় এতোটা নেতিবাচক প্রভাব না পড়লেও পুরো বর্ষায় যে পরিমাণ নেতিবাচক প্রভাব পড়ে তার ক্ষতি কোনো ভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয়।
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় বর্ষাকাল যতটা না বিরূপ প্রভাব ফেলে তার চেয়ে বেশি প্রভাব ফেলে হাওর পাড়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বৈরি মনোভাব। তাঁরা চাকরি করতে রাজি কিন্তু কষ্ট স্বীকার করতে রাজি নন। তাই অনেকেই বিদ্যালয়ে না যাওয়ার বাহানা খুঁজেন। তবে ওই সব শিক্ষকদের দোষ দিয়ে লাভ কি? হাওরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে গেলে বিদ্যালয়ের পার্শ্ববর্তী কোনো বাড়িতে আশ্রয় নিতে হয়। যেখানে একজন শিক্ষককে স্বাভাবিকভাবে বসবাস করতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রত্যন্ত গ্রামাঞ্চলে নাগরিক সুযোগ সুবিধা বিহীন কে জীবন কাটাতে চায়?
বিদ্যালয় বা বিদ্যালয়ের আশপাশে বসবাসের সুব্যবস্থা না থাকায় অনেক শিক্ষক শিক্ষার্থীদের মতই নিজ বাড়ি বা দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে যাতায়াত করেন। এতে করে ওই শিক্ষকদের জীবন হাওরের বুকে জীবন-মৃত্যু ঝুঁকির খেলায় মেতে ওঠে। হাওরের বিশাল ঢেউ কখন কার প্রাণ কেড়ে নেয় বলা মুশকিল। পেটের তাগিদে হাওরের বিশাল বুক চিরে একজন শিক্ষক যখন হাওর পাড়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে রওয়ানা দেন তখন হয়ত মনে মনে দোয়া পড়েন যেন সহিসালামতে গন্তব্যে পৌঁছাতে পারেন। ফিরে এসে আবার পরিবার পরিজনের সাথে আনন্দ বেদনা উপভোগ করতে পারেন।
ধর্মপাশা একটি প্রত্যন্ত হাওরাঞ্চল। এখানে দুর্গম যাতায়াত ব্যবস্থা, নানান প্রতিকূলতার মাঝেও যে সকল শিক্ষকেরা জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার মানোন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। হাওরাঞ্চলের শিক্ষা ও শিক্ষককেদর নিয়ে সবাইকে ভাবতে হবে। যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাঁদেরকে বেশি করতে ভাবতে হবে এবং কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বহু বছর ধরে শুনে আসছি হাওরাঞ্চলের শিক্ষকদের জন্য হাওর ভাতা চালু করা হবে কিন্তু সেটি আলোর মুখ দেখছে না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাওরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের জন্য বসবাস উপযোগী আবাসন ব্যবস্থা গড়ে তুলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সর্বদা নজরদারি জোরদার করতে হবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিদের (যাদের ক্ষেত্রে প্রযোজ্য) সততার পরিচয় দিতে হবে। আর যেন একটি বিদ্যালয়েও কোনো প্যারা শিক্ষক নামে কোনো শিক্ষক নিয়োগ না দেওয়া হয়। শিক্ষকরা হাওরাঞ্চলে কাজ করতে গিয়ে কখনো কখনো ভিলেজ পলিটিক্সের শিকার হন। এই ভিলেজ পলিটিক্সের অদৃশ্য শক্তির কবল থেকে শিক্ষকদের সুরক্ষা দিতে হবে।
হাওরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতের জন্য হাওর উপযোগী উপযুক্ত টেকসই যানবাহন চালুর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্ষাকালে ঝড়ো বাতাস বা বৈরি আবহাওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থীদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সভা সেমিনারের আয়োজন করা যেতে পারে। পাশাপাশি শিক্ষকদেরকে হাওরমূখী করে গড়ে তুলতে হাওরাঞ্চলে বসবাস উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ ও ভাতা চালুর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
আমরা হাওরাঞ্চলে বিদ্যালয়গামী আর কোনো নৌযানের দূর্ঘটনার খবর শুনতে চাই না। এ অঞ্চলে ‘বালিজুড়ি ট্র্যাজেডি’র মত কোনো বেদনাদায়ক ঘটনার পুনারবৃত্তি না ঘটুক। হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় বর্ষাকাল কোনো অন্তরায় না হয়ে শুভ ফল বয়ে আনুক।
-লেখক সাংবাদিক


