ধর্মপাশা প্রতিনিধি
দেশের অভ্যন্তরে সামান্য বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্রতি বছর হাওরাঞ্চলের বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার হুমকিতে পড়ে। নদ—নদী, খাল—বিলে নাব্যতা সংকটের কারণে বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানি ফুলে উঠে। ফলে তলিয়ে যায় হাওরের সোনার ফসল। দীর্ঘ বছর ধরে হাওরাঞ্চলের মানুষ নদ—নদী, খাল—বিল খননের দাবি জানিয়ে আসলেও তা সংশ্লিষ্টদের নজরে আসছে না। তাই সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মধ্যনগরসহ হাওরাঞ্চলের সকল নদী ও খাল—বিল খননের দাবিতে মঙ্গলবার দুপুর দুইটায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
এতে বক্তব্য দেন স্থানীয় আওয়ামীলীগ নেতা উপানন্দ সরকার, আওয়ামী লীগ নেতা এম. সারোয়ার জাহান মামুন, মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, ছাত্রলীগের একাংশের সভাপতি জাহাঙ্গীর আলম খান, উৎপল সরকার, শিমুল প্রমুখ।
বক্তারা বলেন, সামান্য পাহাড়ি ঢলেই মধ্যনগরসহ হাওরাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে যায়।পাহাড়ি ঢল থেকে বোরো ফসলকে বাঁচাতে হাওরাঞ্চলের সকল নদী ও বিল অনতিবিলম্বে খননের প্রয়োজন। অন্যথায় হাওরাঞ্চলের কৃষকদের একমাত্র বোরো ফসল প্রতি বছর আগাম বন্যায় তলিয়ে যেতে পারে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে এ দাবি পুরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাঁরা।


