বিন্দু তালুকদার
সারাদেশে একদিনে সকল শিশু শিক্ষার্থীদের হাতে বই তোলে দেয়ার পর এবার দুর্গম হাওরাঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিকরণের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরাঞ্চলে শিক্ষার হার বাড়ানো ও দরিদ্র পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় আনার জন্য প্রতিটি উপজেলায় একটি করে আবাসিক প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসক জেলার ৫টি উপজেলা থেকে সম্ভাব্য প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রস্তাবের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অনুরোধ করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসকে আবাসিক বিদ্যালয় স্থাপন ও বিদ্যালয়ের সকল তথ্য-উপাত্ত জরুরী ভিত্তিতে জেলা অফিসে পাঠানোর জন্য তাগিদ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী পাইলট প্রকল্প হিসাবে সুনামগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা দিরাই, শাল্লা, জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশায় একটি করে আবাসিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। তবে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন তাঁর নির্বাচনী এলাকা (জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশায়) একটির পরিবর্তে প্রতি উপজেলায় দুইটি করে আবাসিক প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।
এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রতিটি উপজেলা থেকে সম্ভাব্য হিসাবে দুইটি সরকার প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা ও বিদ্যালয়ের সকল তথ্য-উপাত্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দ্রুত প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আবাসিক প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগদল ইউনিয়নের বড়নগদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। প্রতি উপজেলা দুইটি বিদ্যালয়ের নামের তালিকা করলেও দুর্গম এলাকা শাল্লা উপজেলা শিক্ষা অফিস এলাকার শাল্লা ইউনিয়নের ছবিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়, হবিবপুর ইউনিয়নের মার্কুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটগাঁও ইউনিয়নের রাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম তালিকাভুক্ত করেছেন।
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেহেলী ইউনিয়নের আছানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে।
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর পারের উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপাশা উপজেলা সুকাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুকাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুকাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম ভুইয়া বলেন,‘জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আবাসিক বিদ্যালয় স্থাপনের জন্য আমাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। প্রস্তাবিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা, বর্তমান অবকাঠামো, বিদ্যালয়ের ভূমির পরিমাণ, আবাসিক বিদ্যালয় স্থাপন করলে কতজন শিক্ষার্থী থাকতে পারবে ও কতজন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে তার তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে।’ হাওরাঞ্চলে আবাসিক বিদ্যালয় স্থাপন করা হলে প্রাথমিক শিক্ষার হার বাড়বে, ঝরে পড়া রোধ হবে ও শিক্ষার প্রসার হবে বলে মন্তব্য করেন তিনি।
সদ্য বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী বলেন,‘ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে সুনামগঞ্জের পাঁচটি উপজেলায় একটি করে প্রাথমিক বিদ্যালয়কে আবাসিকে রূপান্তরিত করার উদোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয় আমাদের কাছে সম্ভাব্য বিদ্যালয়ের নামের তালিকা চেয়েছেন। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে দুইটি বিদ্যালয়ের নাম প্রস্তাব আকারে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিসকে বলা হয়েছিল। উপজেলা থেকে তালিকা পাওয়ার পর জেলা অফিস জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করবে।’
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিভিন্ন খাতের ন্যায় প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী উন্নয়ন ও সাফল্য অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় যোগাযোগ বঞ্চিত ও অবহেলিত হাওর এলাকায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নিজেই আবাসিক বিদ্যালয়ে স্থাপনের উদ্যোগ নিয়েছেন। পাইলট প্রকল্প হিসাবে সুনামগঞ্জেই প্রথম আবাসিক স্কুল স্থাপন করা হবে। সরকার চায় প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় একটি করে করতে, কিন্তু আমার নির্বাচনী এলাকা বিশাল হাওরের অন্তর্ভুক্ত হওয়ায় আমি দুইটি করে স্থাপনের দাবি জানিয়েছি। ’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় নিজেই বলেছিলেন হাওর এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আবাসিক বিদ্যালয় স্থাপন করে দিবেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি অনুযায়ী উদ্যোগ নেয়া হয়েছে।
- ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- লোকবল ও যন্ত্রপাতির সংকট চরমে
- দিরাইয়ে জলমহালের দখল নিয়ে বন্দুকযুদ্ধ-৩ জন নিহত


