হাওরের অবস্থা প্রধানমন্ত্রীকে জানালেন শামীমা শাহরিয়ার

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুনামগঞ্জের হাওর রক্ষা বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে নির্মাণ করার আবেদনসহ বাঁধ ভেঙে ও পাহাড়ী ঢলে ফসলহারা সুনামগঞ্জের কৃষকদের দুর্দশার কথা প্রধানমন্ত্রীর কাছে লিখিত আকারে তুলে ধরেছেন কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি  অ্যাডভোটে শামীমা শাহরিয়ার।
প্রধানমন্ত্রী আবেদনটি মনোযোগ সহকারে পড়েন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মঙ্গলবার বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইস্টিটিটিউটে কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর  অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুনামগঞ্জের হাওরের সার্বিক অবস্থা তোলে ধরেন তিনি।
কৃষক লীগের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানমঞ্চে উপস্থিত হওয়ার পূর্বে শামীমা শাহরিয়ার কৃষিমন্ত্রীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গত কয়েক সপ্তাহের প্রবল বর্ষণ ও বাঁধ ভেঙে সুনামগঞ্জের কয়েকটি হাওরের ফসল তলিয়ে যাওয়ার বিষয়ে কৃষকদের চরম দুর্দশার কথা মৌখিকভাবে তুলে ধরেন। কৃষিমন্ত্রী তখন বেশি ক্ষতিগ্রস্ত হাওরগুলোর নাম জানতে চান এবং খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।