জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় বোরো ফসল রক্ষা বেড়িবাঁধের ৪৫টি প্রকল্পের মধ্যে মাত্র একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। অবশিষ্ট প্রকল্পের কাজ কবে শুরু হবে তা সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দ্রুত এসব প্রকল্পের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, জরিপ কাজ শেষে গণশুনানির মাধ্যমে ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের কাজ গতকাল শুক্রবার শেষ হয়েছে। গত বছর ৫০ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৩১.৮৪২ কিলোমিটার বেড়িবাঁধের কাজ হয়েছিল। যার বরাদ্দ ছিল সাড়ে ৫ কোটি টাকা। এবার জগন্নাথপুরে কাজ হবে ৪২.৩১০ কিলোমিটার। বরাদ্দ পাওয়া গেছে তিন কোটি টাকা। গত ১৫ ডিসেম্বর থেকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরের পোল্ডার-২ এর আওতাধীন ৩২ নং প্রকল্পের (পিআইসি) উপজেলার মইয়ার হাওরের পাশে স্থানীয় ষ্টিল ব্রিজের পশ্চিম অংশে কাজ শুরু করেছে। ওই প্রকল্পের সঙ্গে আরো ৫টি প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ওই একটি প্রকল্প ছাড়া আর কোনো প্রকল্পের কাজ গতকাল পর্যন্ত শুরু হয়নি।
হাওর বাঁচাও আন্দোলন কমিটি জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম বলেন, নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে হাওরের বেড়িবাঁধের কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়াারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।এখন পর্যন্ত মাত্র একটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় কাজের গতি নিয়ে শঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তিনি আহবান জানান।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী হাসান গাজী বলেন, এবার প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ শেষ হয়েছে। এখন থেকে এসব প্রকল্পগুলো কাজ শুরু করবে। হাওরের একটি প্রকল্পের কাজ এর মধ্যে শুরু হয়েছে। অপর প্রকল্পগুলোর কাজ পর্যায়ক্রমে শুরু হবে।
জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, এবার জগন্নাথপুরে ৪২.৩১০ কিলোমিটার বেড়িবাঁধের কাজের জন্য প্রাথমিকভাবে তিন কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। হাওরের বেড়িবাঁধগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে।


