হাওরের ফসল ডুবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অনিয়ম ও ব্যাপক দুর্নীতির কারণে ফসল ডুবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে শহরের আলফাত স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল, সাধারণ সম্পাদক ওয়াবয়দুল হক মিলন সহ হাওর বাঁচাও নেতারা।
প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, ফসল রক্ষা বাঁধের জন্য সরকারের দেওয়া ১২১ কোটি টাকা কোথায় গেল। আজ কেন প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড কৃষককে ডাকেন হাওরের বাঁধ রক্ষা করার জন্য। এই বছরের হাওর রক্ষা বাঁধের লুটপাট ২০১৭ সালকেও হার মানিয়েছে।
তিনি আরো বলেন, হাওর এলাকায় কোন নতুন করে বাঁধ নির্মাণ করা হয়নি। পুরাতন বাঁধেই কিছুটা মাটি ফেলা হয়েছে। সরকারের বরাদ্দকৃত টাকা সরকারকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। তা না হলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আগে হাওর বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরা অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অনিয়ম ও ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।