হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি-ঈদের পর মামলা করবে দুদক

সু.খবর ডেস্ক
হাওর রক্ষাবাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতিতে জড়িত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করবে। ঈদের পর মামলা দায়েরের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। দুদকের নিজস্ব তদন্ত ও অনুসন্ধানে পাওয়া তথ্য-উপাত্ত ছাড়াও প্রশাসনিক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও দুদক পর্যালোচনা করবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ শুক্রবার বলেন, বিষয়টি নিয়ে দুদক কাজ করছে। নিজস্ব তদন্তের ভিত্তিতে দুদক এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
এদিকে দুদুক সূত্র জানায়, ইতিমধ্যে হাওরের দুর্নীতির প্রাথমিক অনুসন্ধান শেষে মামলার সুপারিশ করে দুদকের ফুল কমিশনের কাছে নথি উপস্থাপন করেছেন পরিচালক বেলাল হোসেন। ধারণা করা হচ্ছে, ঈদের পর অফিস শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সূত্র বলছে, মামলা দায়েরের পরপরই আসামিরা গ্রেফতার হতে পারেন। দুদকের এমন মনোভাব আঁচ করতে অভিযুক্তদের কেউ কেউ ইতিমধ্যে গাঢাকা দিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেয়া মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাওর রক্ষা বাঁধ নির্মাণে কাজের বিনিময়ে টাকার (কাবিটা) আওতায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কাজ কোনো বছরই সময়মতো শুরু এবং শেষও হয় না। নকশা অনুযায়ী কাজ বাস্তবায়ন হয় না। নকশা সম্পর্কে এলাকার উপকারভোগী মানুষ জানতেও পারে না। মাটি দিয়ে যে বাঁধ দেয়া হয় সেখানে ঘাসও লাগানো হয় না। কোনো রকমের সরু আকারের বাঁধ দিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত পানি ঠেকানোর চেষ্টা করা হয়। ফসল উঠে গেলে যখন বাঁধ ডুবে যায় তখন শতভাগ বিল করে টাকা ভাগাভাগি করা হয়। যেখানে বাঁধের পরিস্থিতি ভালো থাকে পিআইসির মাধ্যমে সেখানেই কাজ নেয়া হয়। এরপর বাঁধ কুপিয়ে দেখানো হয় মাটি ফেলা হয়েছে। কিন্তু বাস্তবে কোনো মাটি ফেলা হয় না। বরং এভাবে ভালো ভালো বাঁধ আরও দুর্বল করা হয়। এ ছাড়া পিআইসির মাধ্যমে যে কাজ করা হয় তাতে সেকশন ডিজাইন অনুযায়ী না করা, কম্পেকশন না করা, ঘাস না লাগানোর কারণে বর্ষা শেষে বাঁধের নরম মাটি ধুয়ে যায়। এমনকি বাঁধের লেবেল নিচু হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে। মাঝখানে শুধু সরকারি অর্থের অপচয় হয়।