হাওরে এবার বিয়ের বাদ্য শুনা যাচ্ছে না

বিশেষ প্রতিনিধি
বোরো ধান গোলায় ওঠানোর পর জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বিয়ের ধুম পড়ে যায়। গ্রামের পাশ দিয়ে যাওয়া নদীতে সাজানো বজরায় বা ট্রলারে ব্যা-পার্টি কিংবা মাইকে বাজে ‘লীলাবালী লীলাবালী ভর যুবতী সই গো কি দিয়া সাজাইমু তোরে। ‘তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাথ আসিতে পারে, দিল চায়, মন চায়, প্রাণ চায় তারে।’ এ ধরনের বিয়ের গান এবার শুনা যাচ্ছে না হাওরাঞ্চলে। হাওরডুবির কারণে দরিদ্র কৃষক পরিবারগুলো প্রাপ্ত বয়স্কা মেয়ে বা ছেলের বিয়ের কোন আলোচনাই এবার করছেন না। কোন কোন পরিবারে মেয়ের বিয়ের কাবিন হবার পর এবার ধান ওঠার পর বর্ষায় আনুষ্ঠানিকভাবে মেয়ে তুলে দেবার কথা থাকলেও ফসল ডুবির পর সেই পরিকল্পনাও বাতিল হয়ে গেছে। হাওরাঞ্চলের প্রত্যেকটি গ্রামে এমন কষ্ট আছে।
তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের বাড়ী বৌলাই নদীর তীরে এবং শনির হাওর পাড়ের ভাটি তাহিরপুর গ্রামে। আমিনুল ইসলাম বললেন,‘অন্যান্য বছর বাড়ীতে বসা যেতো না, দিনে ৮-১০ টি নৌকা বাজনা বাজিয়ে বা মাইক বাজিয়ে নদী দিয়ে যেতো। গ্রামের ছেলে-মেয়েরা এগিয়ে গিয়ে বিয়ের নৌকা দেখে আসতো। এটি এবার নেই।’
তাহিরপুর সদর উপজেলার বীরনগর গ্রামের মো. তুলা মিয়ার জমি আছে ১২ কেয়ার (৩ একর)’এর মতো। জমিতে এবার ধান কাটার জন্য কাচি নিয়ে যাওয়া হয়নি তুলা মিয়া’র। তুলা মিয়া বললেন,‘২ মেয়ে ও ২ ছেলে’র মধ্যে বড় সন্তান মেয়েটির এক বছর আগে কাবিন করে রেখেছিলাম। ধর্মপাশা সদরের বড়পাড়ায় ছেলের বাড়ী। এবার ধান তোলার পর জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠান করে কনে তুলে দেবার কথা ছিল। কিছু ফার্নিচার দেবার কথা ছিল। ৬ মাস আগে ৩০ হাজার টাকা দিয়ে ফার্নিচারের অর্ডার দিয়েছিলাম। ধান ওঠার পর বাকী ৩০ হাজার টাকা দিয়ে ফার্নিচার আনার কথা ছিল। কিন্তু এক ছটাকও ধানও পাইনি। ধান তুলে বিক্রি করতে পারলে ফার্নিচার আনা হতো, অনুষ্ঠান করে মেয়েকে তুলে দেওয়া হতো। এবার কিভাবে অনুষ্ঠান করবো।’
জামালগঞ্জের লম্বাবাক গ্রামের সরাফত আলী’র ৬ সন্তানের একমাত্র মেয়েকে এবার বিয়ে দেবার কথা বার্তা প্রায় সাব্যস্ত ছিল। সরাফত আলী বললেন,‘৩০ কেয়ার (১০ একর) জমি পানিতে ডুবছে। খাবার যোগার নেই। মেয়ের বিয়ে দেবার চিন্তা বাদ দিয়ে দিয়েছি। ছেলে পক্ষকে জানিয়েছি, পরের বছর ফসল ওঠলে বিয়ে, তারা হয় অপেক্ষা করবে, না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’
বিশ্বম্ভরপুরের ব্রজনাথ পুরের রাখেশ   
 বিশ্বাসের মেয়ের আলাপ আলোচনা চলছিল ৬ মাস ধরে। ছেলে পক্ষকে জানানো হয়েছিল বৈশাখী তোলার পর দুই পক্ষের আনুষ্ঠানিক দেখাদেখির পর বিয়ে’র কথাবার্তা চূড়ান্ত হবে। রাখেশ বিশ্বাস বলেন,‘দেড় হাল (৬ একর) জমিন মাইর গেছে, ইবার আমার পক্ষে বিয়ার খরচ যোগানি সম্ভব নায়’।
তুলা মিয়া, সরাফত আলী কিংবা রাখেশ বিশ্বাসই কেবল নয়। পুরো হাওরাঞ্চলজুড়েই কন্যাদায়গ্রস্ত পিতাদের মুখ থেকে এমন মর্মস্পর্শি কথা শুনতে হচ্ছে।
জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. শামীমা শাহ্রিয়ার বলেন,‘জামালগঞ্জের ভীমখালির মেহেরুননেছা এসে আমাকে বললেন মেয়েটার কাবিন করছিলাম। সাইকেল-ফার্নিচার দেবার কথা ছিল। এবার বর্ষায় ওঠিয়ে নেবার তারিখ ছিল। তার চিন্তা এখন সাইকেল, ফার্নিচার কিভাবে দেবেন, খাওনের যোগারইতো নেই। মেয়েটিকে বরপক্ষ যদি তুলে নিতো, আগামী বছর ফসল তুলে সাইকেল ও ফার্নিচার দিয়ে দেবেন তিনি। এই মধ্যস্ততা করে দেবার অনুরোধ করলেন। আমি পরে বললাম, সাইকেল আমি দিয়ে দেব। ফার্নিচার যে আগামী বছর দেবার কথা বলবো, ফসল যদি এভাবে আগামী বছরও ডুবে, তাহলে কী হবে।’
নারী নেত্রী জেলা উদীচী’র সভাপতি শীলা রায় বলেন,‘আমি এই অঞ্চলে বউ হয়ে আসার পর থেকে দেখেছি, জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে হাওরাঞ্চলে বিয়ের ধুম পড়ে। এবার সেটি হচ্ছে না। আর হবে বলেও মনে হচ্ছে না। তবে একটি ভয়ের বিষয় হচ্ছে, ঘটা করে বিয়ে হলে বাল্য বিয়ে হওয়ার আশংকা কম থাকে। এবার চুপি চুপি বিয়ে হতে পারে, তাতে বাল্য বিয়ের আশংকা থেকে যাবে।’