সু.খবর ডেস্ক
হাওরে দুর্যোগের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাঁধ নির্মাণকারী ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতি দায়ী বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবিতে টিআইবি এ মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ইয়েস গ্রুপের’ সদস্যরা অংশ নেন।
ঢাকার পাশাপাশি দেশের ৪৫টি অঞ্চলে সচেতন নাগরিক কমিটিও (সনাক) একই দাবিতে রোববার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, হাওরের প্রতিবছরের দুর্যোগের জন্য জলবায়ুর পরিবর্তন দায়ী। পাশাপাশি পাউবো, স্থানীয় প্রভাবশালী ও বাঁধ নির্মাণকারীদের অনিয়ম-দুর্নীতিও এ দুর্যোগের অন্যতম কারণ।
তিনি বলেন, তারা দীর্ঘদিন থেকে বিষয়টি বলে আসছেন। তাদের ২০০৮ ও ২০১৫ সালের গবেষণায়ও বিষয়টি উঠে এসেছে। ইফতেখারুজ্জামান বলেন, এই দুর্নীতি রোধ করার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নে শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে টিআইবি ১০ দফা দাবি তুলে ধরে। এগুলো হলো ‘প্যারিস চুক্তি’ বাস্তবায়নে প্রধান কার্বন নিঃসরণকারী হিসেবে সব শিল্পোন্নত দেশের অঙ্গীকার অব্যাহত রাখা, প্রতিশ্রুতি পালনে আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা, ‘দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান’ নীতি বিবেচনা করে ঋণ নয়, শুধু অনুদানকে স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা ইত্যাদি।
- ব্রিটিশ কাউন্সিলের স্কুল এ্যাওয়ার্ড পেয়েছে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়
- মন্ত্রণালয়ের হাস্যকর ক্ষয়-ক্ষতির পরিসংখ্যান- সুনামগঞ্জে বোরো ফসলের ক্ষতি মাত্র ৪৬% ?


